Calcutta High Court: সেদিন শোভনদেবের হাত কেন ধরেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? প্রশ্ন উঠল হাইকোর্টে | Why CM Suvendu Adhikari hold hand of Sovandeb Chatterjee, question raised in Calcutta High Court
কলকাতা: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) বিরোধী দলনেতা হিসেবে ইতিমধ্যেই মান্যতা দিয়েছেন স্পিকার। তবে এখনও সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সেই মামলায় উঠে এল শোভনদেব চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরার ছবির প্রসঙ্গ।
কেন মামলার সূত্রপাত
বাংলায় পালাবদলের পর এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। বিরোধী দল তৃণমূল শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়ে চিঠি দেয় স্পিকারকে। পরে একদল বিধায়ক নিজেদের বিক্ষুব্ধ হিসেবে দাবি করে সোজা চলে যান স্পিকারের কাছে। তাঁদের প্রস্তাব অনুযায়ী বিরোধী দলনেতা ঋতব্রত। আর সেই প্রস্তাবই মান্যতা পায় স্পিকারের কাছে।
এদিন আদালতে প্রশ্ন ওঠে, মামলাকারী শোভনদেব চট্টোপাধ্যায় যদি বিরোধী দলনেতা না হন, তাহলে তাঁর সঙ্গে ছবি কেন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রশ্ন, এটা স্পষ্ট দেখা গিয়েছে যে তিনি মামলাকারীর হাত ধরে আছেন। সেটাকে কীভাবে ব্যাখ্যা করবেন?
বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, স্পিকারকে চেয়ারে বসানোর সময় মুখ্যমন্ত্রী শোভনদেবের হাত ধরাটা ছিল সৌজন্য। এই সৌজন্য দেখে মনে করা ঠিক নয়, যে তিনি বিরোধী দলনেতা। আরও বলা হয় যে, মামলাকারী বিধানসভার প্রবীণতম সদস্য। আর রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন লিডার অফ দ্যা হাউজ। সেই সময় কোনও বিরোধী দলনেতা ছিলেন না। তাই প্রবীণ বিধায়ক হওয়ার জন্যে সেটা কার্টসি ছিল।