Calcutta High Court on Municipality: নির্মাণকে বেআইনি বলে স্বীকার করেননি বাড়ির মালিক! শুধু নথি জমার দিতে সময় চেয়েছিলেন, ভাঙার নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টের | Calcutta High Court dismisses order to demolish howrah municipal building - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court on Municipality: নির্মাণকে বেআইনি বলে স্বীকার করেননি বাড়ির মালিক! শুধু নথি জমার দিতে সময় চেয়েছিলেন, ভাঙার নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টের | Calcutta High Court dismisses order to demolish howrah municipal building

Spread the love

কলকাতা হাইকোর্টImage Credit: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images

কলকাতা: নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন বাড়ির মালিক। কিন্তু সেই আবেদনকেই বেআইনি নির্মাণের স্বীকারোক্তি বলে ধরে নিয়েছিল হাওড়া পৌরসভা (Howrah Municipality)। সেই যুক্তিতে বাড়ি ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়। এবার সেই নির্দেশই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য সময় চাওয়াকে কোনও ভাবেই বেআইনি নির্মাণের স্বীকারোক্তি বলে ধরে নেওয়া যায় না।

এই মামলার ব্যাকগ্রাউন্ড

ঘটনাটি হাওড়ার। সুজয় ওরফে সুজয় সরকার নামে এক ব্যক্তি হাওড়া পৌরনিগমের দেওয়া বাড়ি ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন। ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর পৌরনিগমের বোরো-২-এর সহকারী ইঞ্জিনিয়ার ওই নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন সম্পত্তির মালিক।

মামলাকারীর বক্তব্য ছিল, তিনি কখনও স্বীকার করেননি যে তাঁর নির্মাণ বেআইনি। অথচ পৌরনিগম তাঁর একটি লিখিত বক্তব্যকে স্বীকারোক্তি হিসেবে ধরে নিয়ে বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, পৌরনিগমের দাবি, শুনানির সময় নির্মাণের বৈধতা প্রমাণ করার মতো প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি বাড়ির মালিক। অভিযোগকারী পক্ষও পৌরনিগমের সিদ্ধান্তকে সমর্থন করে।

বিচারপতি রিশাদ মেদোরা মামলার নথি খতিয়ে দেখেন। ২০২৫ সালের ৩ এপ্রিল বাড়ির মালিক যে চিঠি দিয়েছিলেন, তাতে বেআইনি নির্মাণের কথা স্বীকার করার কোনও উল্লেখ নেই বলে জানায় আদালত। বিচারপতি জানান, ওই নথিতে, সুজয়বাবু শুধু নির্মাণ সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন।

সব দিক খতিয়ে দেখেই পৌরনিগমের বাড়ি ভাঙার নির্দেশ খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, বাড়ির মালিক এবং অভিযোগকারী, দু’পক্ষকেই নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে। প্রয়োজনীয় নথিও জমা দিতে পারবেন তাঁরা। আগামী আট সপ্তাহের মধ্যে সব পক্ষের বক্তব্য ও নথি খতিয়ে দেখে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে হাওড়া পৌরনিগমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *