Buxa Tigress: বক্সার সেই বাঘিনীর গর্ভেই শেষ হয়ে যায় তিন সন্তান? অন্তঃস্বত্ত্বা অবস্থাতেই টানাহ্য়াঁচড়া? | Tigress who brought to Buxa was pregnant, says source, miscarriages during capture
ডুয়ার্স: বক্সা থেকে বারবার পালিয়ে যাচ্ছে বাঘিনি (Tigress)। একবার নয়, দুবার ঘুমপাড়ানি গুলি দিয়ে বাঘিনিকে নিয়ে আসা হয়েছিল বক্সার (Buxa) জঙ্গলে। কিন্তু সিঁদ কেটে ফের পালিয়েছে সে। এরপরই প্রশ্ন উঠেছে, তাকে আনার সময়ই কি অন্তঃস্বত্ত্বা ছিল সে? সেই খবর বিহারের বনকর্মীরা বাংলাকে জানাল না কেন, সেই প্রশ্নও সামনে এসেছে। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে যে ওই বাঘিনীর গর্ভেই মৃত্যু হয়েছে তার তিন সন্তানের।
জানা গিয়েছে, গত ২৯-৩০ সেপ্টেম্বর বিহার থেকে বাংলায় আনার সময় একাধিকবার চোট পায় বাঘিনী। থাবা ও নাকের কাছে ক্ষত তৈরি হয়, ভেঙে যায় নীচের দিকের দাঁত, ক্ষতিগ্রস্ত হয় নখও। কেন্দ্রীয় বন দফতরের বিশেষজ্ঞ কমিটির চেয়ারপার্সন রাজেশ গোপাল পরামর্শ দিয়েছিলেন, বৈঠকে সুস্থ না হওয়া পর্যন্ত তাকে এনক্লোজারে রাখা হোক। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করেই ২৩ অক্টোবর কেন তাকে খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, সেই প্রশ্ন উঠেছে। আর এরপরই সেই বাঘিনি সোজা চলে যায় অসমে।
গত ৩ নভেম্বর অসমের কোকরাঝাড়ের কাছে গেলাগুড়ি গ্রামে ঘুমপাড়ানি গুলি করে ফের ওই বাঘিনিকে উদ্ধার করা হয়। আনার সময় তার বারবার ঘুম ভেঙে যাচ্ছিল বলে জানা গিয়েছে। পরে জানা যায়, বাঘিনি অন্তঃসত্ত্বা ছিল এবং তার গর্ভে থাকা তিন সন্তানের গর্ভপাতও হয়। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার অধিকর্তা ডঃ জি এস ভরদ্বাজের মতে, অ্যানাস্থেশিয়া, যাত্রার ধকল ও পরিবেশগত চাপের কারণেই এভাবে বারবার গর্ভপাত হয়। এই প্রসঙ্গে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বন মন্ত্রকের তরফে।
রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও জানিয়েছেন, পুরো বিষয়টায় নজর রাখা হচ্ছে। তদন্ত হবে। বন্যপ্রাণী বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু প্রশ্ন তুলেছেন,নির্দিষ্ট এসওপি মেনে বাঘিনিকে আনা হয়েছিল কি না। তিনি বলেন, “পরিবেশ বদল হলে, প্রাথমিক কাজ হল বাঘের পুরো স্বাস্থ্য খতিয়ে দেখা। সেই সময় রক্ত পরীক্ষা করলেই ধরা পড়বে সে অন্তঃস্বত্ত্বা কি না। সেই রিপোর্ট কোথায়?” সবকিছুই খতিয়ে দেখবে বন দফতর।