BRICS Summit 2026: সন্ত্রাসবাদে জিরো টলারেন্স থেকে নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি! ব্রিকস সংসদীয়ে ফোরাম কী কী নিয়ে আলোচনা? | BRICS Parliamentary Forum 2026: OM Birla Calls for UN Security Council Reforms, Reaffirms Zero Tolerance on Terrorism - 24 Ghanta Bangla News
Home

BRICS Summit 2026: সন্ত্রাসবাদে জিরো টলারেন্স থেকে নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি! ব্রিকস সংসদীয়ে ফোরাম কী কী নিয়ে আলোচনা? | BRICS Parliamentary Forum 2026: OM Birla Calls for UN Security Council Reforms, Reaffirms Zero Tolerance on Terrorism

Spread the love

নয়া দিল্লি: নয়া দিল্লিতে অনুষ্ঠিত দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরাম ২০২৬-এ আন্তর্জাতিক সহযোগিতা, বিশ্বশান্তি এবং সংসদীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ২৬ ও ২৭ অক্টোবর দু’দিনের এই সম্মেলনে ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের শেষ অধিবেশনে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UN Security Council) জরুরি সংস্কারের দাবি জানান লোকসভার স্পিকার ওম বিড়লা। তাঁর বক্তব্য, গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলির স্বার্থ ও মতামতের যথাযথ প্রতিফলন ঘটাতে নিরাপত্তা পরিষদে আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। আর কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রিকস সম্মেলনে?

সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতির কথাও পুনর্ব্যক্ত করেন ওম বিড়লা। পাশাপাশি, আন্তর্জাতিক সমস্যার সমাধানে সংঘাতের পরিবর্তে আলোচনা, শান্তি ও পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, টেকসই এবং জনকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে দেশগুলির মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।

সংসদীয় সহযোগিতায় ঐক্যের বার্তা

দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরামে সদস্য দেশগুলি একমত হয়েছে যে, আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সংসদীয় আদান-প্রদানের বিশেষ গুরুত্ব রয়েছে। বিভিন্ন দেশের সংসদের মধ্যে নিয়মিত আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, সংহতি এবং টেকসই উন্নয়নের পথ প্রশস্ত করতে পারে।

উদ্বোধনী অধিবেশনে মূলত জনকেন্দ্রিক উন্নয়ন এবং সংসদীয় শাসনব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়টি উঠে আসে। বর্তমান বিশ্বের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলির যৌথ দায়িত্বের কথা বলা হয়। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সংসদীয় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত এবং কার্যকর করে তোলার উপর জোর দেওয়া হয়। প্রযুক্তির সাহায্যে সংসদীয় কাজে সাধারণ মানুষের অংশগ্রহণও বাড়ানো সম্ভব বলে মত প্রকাশ করেন প্রতিনিধিরা।

নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি, সন্ত্রাসবাদে জিরো টলারেন্স

সম্মেলনের সমাপনী অধিবেশনে ওম বিড়লা বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাঠামোয় সংস্কার অত্যন্ত জরুরি। বিশেষ করে, গ্লোবাল সাউথের দেশগুলির প্রতিনিধিত্ব আরও বাড়াতে হবে। উন্নয়নশীল দেশগুলির মতামত ও স্বার্থ যাতে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথাযথ গুরুত্ব পায়, তা নিশ্চিত করার উপর জোর দেন তিনি।

একইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন লোকসভার স্পিকার। তাঁর বক্তব্যে উঠে আসে, বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক আলোচনা, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই।

চিনের হাতে ব্রিকস ফোরামের সভাপতিত্ব

দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল সভাপতিত্বের দায়িত্ব হস্তান্তর। সম্মেলনের শেষে আনুষ্ঠানিকভাবে চিনের প্রতিনিধিদলের হাতে সভাপতিত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। এর মাধ্যমে আগামী দিনে ব্রিকস দেশগুলির মধ্যে সংসদীয় সহযোগিতা এবং যৌথ উদ্যোগ আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।

ঐতিহাসিক সেন্ট্রাল হল থেকেও আন্তর্জাতিক সহযোগিতা এবং সংসদীয় বন্ধুত্বের বার্তা দেওয়া হয়। ব্রিকসের ২০ বছরের যাত্রার প্রসঙ্গ তুলে ধরে পারস্পরিক বিশ্বাস, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা এবং সংসদীয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়।

এই সম্মেলনে ভবিষ্যতের জন্য চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভের কথা তুলে ধরা হয়েছে। সেগুলি হল—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব। পাশাপাশি যুবসমাজের ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর আরও জোরালো করার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।

রাশিয়া, UAE, থাইল্যান্ড-সহ একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরামের ফাঁকে একাধিক দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রাশিয়ার স্টেট দুমার চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভোলোদিনের সঙ্গে তাঁর বৈঠকে দুই দেশের সংসদীয় সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আলোচনা হয়।

সংযুক্ত আরব আমিরশাহির ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গেও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। অন্যদিকে, থাইল্যান্ডের সেনেটের সভাপতি মংকুল সুরসাচের সঙ্গে বৈঠকে আইন প্রণয়ন সংক্রান্ত সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়টি উঠে আসে।

কিউবা, মিশর, বেলারুশ ও চিনের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা

ব্রিকস ফোরামের পাশাপাশি কিউবা, মিশর, বেলারুশ, চিন, ইরান এবং উজবেকিস্তানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন ওম বিড়লা।

কিউবার ন্যাশনাল অ্যাসেম্বলি অব পিপলস পাওয়ার এবং স্টেট কাউন্সিলের সহ-সভাপতি আনা মারিয়া মারি মাচাদোর সঙ্গে বৈঠকে উন্নয়নশীল দেশগুলির মধ্যে সংসদীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

মিশরের প্রতিনিধিদলের প্রধান সামাহ শৌকির সঙ্গে বৈঠকে সংসদীয় আদান-প্রদান, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং দ্বিপাক্ষিক সহযোগিতার প্রসঙ্গ উঠে আসে। বেলারুশের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার ভাদিম ইভচেনকোর সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন লোকসভার স্পিকার।

এছাড়াও চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান চেং জিয়ানজিয়াং, ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির প্রেসিডিয়ামের সদস্য আহমেদ নাসেরি এবং উজবেকিস্তানের সেনেটের ডেপুটি স্পিকারের সঙ্গেও বৈঠক হয়।

সব মিলিয়ে দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরাম ২০২৬-এ আন্তর্জাতিক সহযোগিতা, সংসদীয় সম্পর্কের প্রসার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান এবং গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে। সম্মেলনের শেষ পর্বে ভারত-সহ ব্রিকস সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধিদের যৌথ ছবিও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতার প্রতীক হিসেবে উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *