Bollywood News: ‘আমার সিনেমা শুরু হলেই বাচ্চাদের ঘুম পাড়ানো হত!’ ভরা মঞ্চে কোন সিক্রেট ফাঁস করলেন ইমরান? | Emraan Hashmi Reveals Why Parents Forced Kids To Sleep During His Movies On TV
প্রায় ২১ বছর আগের কথা। ড্রয়িংরুমে হয়তো সবাই মিলে সিনেমা দেখা চলছে। হঠাৎ পর্দায় এমন একটা দৃশ্য এল, যে বাড়ির বড়রা তাড়াহুড়ো করে বলে উঠলেন, “অনেক রাত হয়েছে, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো!” কেন? কারণ টিভিতে তখন ইমরান হাশমি (Emraan Hashmi)। দীর্ঘ ২০ বছর পর ঠিক এই মজার অভিজ্ঞতার কথাই মনে করিয়ে দিলেন খোদ অভিনেতা। এতদিন ধরে ‘সিরিয়াল কিসার’ তকমা বয়ে বেড়াচ্ছেন তিনি। কিন্তু এর জন্য আসলে কে দায়ী? এবার ভরা মঞ্চে আসল সত্যিটা ফাঁস করলেন ইমরান।
কী বলেছেন ইমরান?
সম্প্রতি পুনেতে ‘গানমাস্টার জি৯’ (Gunmaaster G9) ছবির ট্রেলার লঞ্চ ছিল। সেখানেই উপস্থিত ছিলেন বলিউডের এই জনপ্রিয় নায়ক। তাঁর সঙ্গে ছিলেন জেনেলিয়া দেশমুখ, অপরশক্তি খুরানা এবং ছবির পরিচালক আদিত্য দত্ত। সাংবাদিকদের সামনে হাসতে হাসতে ইমরান পুরনো দিনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “আগে টিভিতে আমার সিনেমা দিলেই মুশকিল হত। বাবা-মায়েরা বাচ্চাদের জোর করে ঘুম পাড়াতে পাঠিয়ে দিতেন।” এরপরই পরিচালক আদিত্য দত্তের দিকে আঙুল তোলেন তিনি। হাসিমুখেই জানান, আদিত্যর জন্যই এই ‘সিরিয়াল কিসার’ বদনাম তাঁকে ২০ বছর ধরে ঘাড়ে নিয়ে ঘুরতে হয়েছে।
প্রায় ২১ বছর পর ফের একসঙ্গে কাজ করছে ‘আশিক বানায়া আপনে’ টিম। পরিচালক আদিত্য দত্ত, সুরকার হিমেশ রেশমিয়া এবং ইমরান হাশমি আবার এক ছাদের তলায়। এত দিন পর কেন একসঙ্গে ফিরলেন তাঁরা? ইমরান জানালেন, তাঁরা বহুবার নতুন গল্প নিয়ে আলোচনা করেছেন। কিন্তু তাঁরা এমন একটা সিনেমা দর্শকদের উপহার দিতে চেয়েছিলেন, যা বড় পর্দায় দেখার মতো হয়। ‘গানমাস্টার জি৯’ ঠিক তেমনই একটা ভরপুর বিনোদনমূলক ছবি। দর্শক একবার হলে ঢুকলে এই ছবির দুনিয়ায় হারিয়ে যাবেন বলেই তাঁর বিশ্বাস।
আজকাল তো বেশিরভাগ সিনেমাই স্টুডিওর চার দেওয়ালের মধ্যে গ্রিন স্ক্রিনে শুট হয়। কিন্তু এই ছবির ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। হরিদ্বার, দেরাদুন এবং ঋষিকেশের একেবারে আসল লোকেশনে টানা ৬০ দিন ধরে শুটিং হয়েছে। নানা বাধা থাকা সত্ত্বেও, সেখানকার মানুষদের সাহায্যে কাজ খুব ভালোভাবেই মিটে গিয়েছে। আগামী ২৭ নভেম্বর, ২০২৬ তারিখে বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।