Bigg Boss Bangla: যে জীতুকে ‘খুনি’ বলেছিলেন, তাঁকেই...! বিগ বসের ঘরে মনামীর মায়ের কাণ্ডে হতবাক দর্শক | Bigg Boss Bangla: Monami Ghosh’s Mother Forgives Jeetu Kamal? - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss Bangla: যে জীতুকে ‘খুনি’ বলেছিলেন, তাঁকেই…! বিগ বসের ঘরে মনামীর মায়ের কাণ্ডে হতবাক দর্শক | Bigg Boss Bangla: Monami Ghosh’s Mother Forgives Jeetu Kamal?

Spread the love

বিগ বসের ঘর কখন যে কাকে শত্রু থেকে আপন করে দেয়, তা সত্যিই বোঝা মুশকিল। যে মানুষটাকে কিছুদিন আগেই সরাসরি ‘খুনি’ তকমা দিয়েছিলেন, তাঁকেই এবার হাসিমুখে বুকে টেনে নিলেন মনামী ঘোষের মা তমশা দেবী। শুধু তাই নয়, নিজের হাতে তুলে দিলেন ক্যাপ্টেন্সির কেকও। ফ্যামিলি উইকে এসে তিনি এমন এক ম্যাজিক দেখিয়ে গেলেন, যা দেখে কার্যত হতবাক দর্শকরাও।

কী ঘটেছিল?

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। একটি টাস্ক চলাকালীন জীতু কমলের বিরুদ্ধে মনামীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার অভিযোগ উঠেছিল। জলে ফেলে দেওয়া থেকে শুরু করে সরাসরি বল দিয়ে মুখে আঘাত, মেয়ের এমন অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েছিলেন তমশা দেবী। এক সাক্ষাৎকারে সরাসরি জিতুকে ‘খুনি’ আখ্যা দিয়ে মেন্টাল হাসপাতালে পাঠানোর কথাও বলেছিলেন তিনি। অনেকেই ধরে নিয়েছিলেন, এই দুই প্রতিযোগীর পরিবারের মধ্যে তিক্ততা বোধহয় আর কখনও মিটবে না। উইকেন্ডের এপিসোডে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় কড়া পদক্ষেপ করবেন বলেও আশা করেছিলেন মনামীর মা। জীতুকে তারপর কড়া শাসনও করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

কিন্তু ফ্যামিলি রিইউনিয়ন উইকে দেখা গেল একেবারে ভিন্ন ছবি। বিগ বসের ঘরে এন্ট্রি নিয়ে মনামীকে যখন তিনি খেলার ঠিক-ভুল বোঝাচ্ছেন, ঠিক সেই সময়েই সেখানে ঢোকেন জীতু। দর্শক ভেবেছিলেন, এবার বোধহয় চরম অশান্তি শুরু হল। অন্তত একটা ঠান্ডা লড়াই তো দেখা যাবেই! কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মনামীর মা একগাল হেসে বলে ওঠেন, “জীতু… আমাদের জীতু!” এরপর নিজেই এগিয়ে যান তাঁর দিকে। জীতুও বিন্দুমাত্র সময় নষ্ট না করে তমশা দেবীর পা ছুঁয়ে প্রণাম করেন।

আগের আঘাত করার প্রসঙ্গ তুলে মনামীর মা জীতুকে জানান যে, ওই ঘটনায় তিনি মনে মনে একটু কষ্ট পেয়েছিলেন। জীতুও নিজের ভুলের জন্য সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন। এরপরই সব অভিমান ভুলে অভিনেতাকে জড়িয়ে ধরেন তমশা দেবী। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, “খেলার মধ্যে এসব তো হয়েই থাকে। তবে আমি তো মা, তাই আমাদের একটু খারাপ লাগে।”

তবে চমকের তখনও বাকি ছিল। দর্শকদের সবথেকে বেশি অবাক করেছে তমশা দেবীর শেষ পদক্ষেপ। ক্যাপ্টেন্সি দাবিদারের কেকটি তিনি হাসিমুখে তুলে দেন খোদ জীতুর হাতেই! যে মানুষটিকে তিনি কিছুদিন আগেও গেমের কারণে সহ্য করতে পারছিলেন না, তাঁর হাতেই সেরার পুরস্কার তুলে দিলেন তিনি। বিগ বসের ঘরে সমীকরণ যে কত দ্রুত বদলে যেতে পারে, তা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *