বোমাতঙ্কে ৩০০ স্কুল খালি, মেলোনির গাড়িতেও বোমা?
এ দিকে গুরুতর কিছু না-ঘটলেও দিনের শেষে ইতালির একটা বড় অংশ সিঁটিয়ে আতঙ্কে। শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা জানান রোম থেকে উত্তরের ফ্রিউলি, দক্ষিণের বাসিলিকাটা— বিভিন্ন অঞ্চলের বহু স্কুল একই হুমকি-মেল পায়। কিন্তু পাঠাল কে? আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ই-মেল আসে ‘মিখাইল আন্দ্রোপভ’ নামের কোনও এক ছদ্মনাম থেকে। প্রেরক নিজেকে ‘ভিলায়াত অফ মিসোজিনিস্তান’-এর নেতা বলে পরিচয় দিয়ে ই-মেলে দাবি করে, স্কুলের ভিতরে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো যায়, এমন শক্তিশালী বোমা রাখা হয়েছে। তাতে লেখা ছিল, ইতালীয়দের গণহত্যার পরিকল্পনা করা হয়েছে। শুধু স্কুল নয়, প্রধানমন্ত্রী মেলোনির গাড়ির ইঞ্জিনেও বোমা রাখা হয়েছে বলে দাবি করে প্রেরক।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইতালির পুলিশ। প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো জানিয়েছেন, এ ধরনের হুমকির উদ্দেশ্য মূলত আতঙ্ক ও অস্থিরতা ছড়ানো হতে পারে। তবে এর নেপথ্যে কোনও বিদেশি শক্তি রয়েছে, নাকি নিছক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, ২ নভেম্বরও একই ধরনের ই-মেল এসেছিল ইতালির ২৭০টিরও বেশি স্কুলে। সে বারও পড়ুয়াদের সরিয়ে তল্লাশি চালানো হয়েছিল, যদিও কোনও বিস্ফোরক মেলেনি। সম্প্রতি ইউরোপের একাধিক দেশে ফ্লাইট, সংবাদমাধ্যম, সুপারমার্কেট এমনকী ব্লাড ব্যাঙ্কেও সাইবার হামলার আবহে এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন নিরাপত্তা আধিকারিকরা।