ছটের ভিড়ে মা-বাবার থেকে বিচ্ছিন্ন আট বছরের রোশনি, আরপিএফের তৎপরতায় ফিরল পরিবারের কাছে - 24 Ghanta Bangla News
Home

ছটের ভিড়ে মা-বাবার থেকে বিচ্ছিন্ন আট বছরের রোশনি, আরপিএফের তৎপরতায় ফিরল পরিবারের কাছে

Spread the love

ছট পুজোর আগে উৎসবের ভিড়ে স্টেশনে হারিয়ে গিয়েছিল আট বছরের মেয়ে। উদ্বিগ্ন মা-বাবার চোখেমুখে তখন আতঙ্ক। কোথায় খুঁজবেন মেয়েকে, বুঝে উঠতে পারছিলেন না তাঁরা। শেষ পর্যন্ত রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)-এর তৎপরতায় কয়েক ঘণ্টার উদ্বেগের অবসান। শিয়ালদহ স্টেশন থেকেই উদ্ধার করে রোশনি কুমারী নামে ৮ বছরের ওই নাবালিকাকে মা-বাবার হাতে তুলে দিলেন আরপিএফ কর্মীরা।

বৃহস্পতিবারের ঘটনা। ছট পুজোর প্রাক্কালে শিয়ালদহ স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মধ্যেই ১১ নম্বর প্ল্যাটফর্মে ১৩১০৫ আপ শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেসে ওঠার সময় মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আট বছরের রোশনি। মেয়েকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা শিয়ালদহ মেন পোস্টের আরপিএফ কর্মীদের দ্বারস্থ হন।

খবর পেয়েই তৎপর হন আরপিএফ কর্মীরা। স্টেশনজুড়ে শুরু হয় তল্লাশি। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে লাগাতার ঘোষণা করা হয় নাবালিকার নাম ও পরিচয় জানিয়ে। পাশাপাশি স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন নিরাপত্তারক্ষীরা। আরপিএফের সঙ্গে তল্লাশিতে হাত লাগান রেলের বাণিজ্যিক বিভাগের কর্মীরাও। শেষ পর্যন্ত ১১ নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদহ প্রান্ত থেকে নিরাপদে উদ্ধার করা হয় রোশনিকে। তার পরে মা-বাবার হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে।

পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনের এডিআরএম-১, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এবং এএসসি-২-এর তত্ত্বাবধানে গোটা উদ্ধার অভিযান চলে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এবং প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার এ এন সিনহার সমন্বিত উদ্যোগে যাত্রী সুরক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন, ‘শিশুদের নিরাপত্তা রেলের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ছট পুজোর ভিড় সামলেও আরপিএফ ও বাণিজ্যিক বিভাগের কর্মীদের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়।’ উৎসবের মরসুমে যাত্রীদের নিরাপত্তায় বড় স্টেশনগুলিতে সিসিটিভি নজরদারি, নিরাপত্তারক্ষী মোতায়েন এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এই ধরণের কোনও প্রয়োজনে রেল মদত হেল্পলাইন ১৩৯-এ যোগাযোগের পরামর্শও দিয়েছে পূর্ব রেল।

তথ্য: শুভাশিস সৈয়দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *