টেস্টের মুখে ফের ভোটের কাজ, পড়াশোনার কী হবে? বিপাকে পড়ুয়ারা
এই সময়: জনগণনার জন্য পিছোচ্ছে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এ বার মাধ্যমিকের টেস্ট এবং নাইন পর্যন্ত তৃতীয় সামেটিভ পরীক্ষা নিয়েও তৈরি হলো উদ্বেগ। কারণ, ভোটার তালিকায় স্পেশাল সামারি রিভিশনের (এসএসআর) কাজের জন্য সব সুপারভাইজ়ার ও বুথ লেভেল অফিসারের (বিএলও) প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করছেন ব্লক উন্নয়ন আধিকারিকরা।
এই সুপারভাইজ়ার এবং বিএলও–রা প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের টিচার। আবার, কলকাতা পুরসভার ডিলিমিটেশন সংক্রান্ত মামলার নিষ্পত্তির আগে ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অথচ মহানগরের বিভিন্ন সার্কলের সাব ইনস্পেক্টররা (এসআই) প্রাথমিকের প্রধান শিক্ষকদের ফার্স্ট পোলিং অফিসার হিসেবে প্রথম প্রশিক্ষণের চিঠি গ্রহণের নির্দেশ দিয়েছেন ১৩ তারিখ। ১৭ নভেম্বর এই ট্রেনিং হওয়ার কথা। বিকাশ ভবনের একটি সূত্রের দাবি, এই চিঠি কোর্টের নির্দেশের আগে ইস্যু করা হয়ে থাকতে পারে।
শিক্ষামহলের প্রশ্ন, পুজোর ছুটির পরে স্কুল খুলছে বৃহস্পতিবার। আগামী ১৭–৩০ নভেম্বরের মধ্যে হাজার দশেক মাধ্যমিক স্কুলে টেস্ট নিতে বলেছে মধ্যশিক্ষা পর্ষদ। ষষ্ঠ থেকে নবমের তৃতীয় সামেটিভ পরীক্ষাও রয়েছে। এখন এসএসআর–প্রশিক্ষণের বিজ্ঞপ্তি জারি হওয়া মানে বিপুল কর্মকাণ্ড। এর নিয়ম, সংশ্লিষ্ট ওয়েবসাইট–অ্যাপের ব্যবহার, নতুন ফর্ম পূরণের পদ্ধতি, ভোটার লিস্টে নাম তোলার লক্ষ্যমাত্রা পূরণ ইত্যাদির ট্রেনিং দেওয়া হবে শিক্ষক–শিক্ষিকাদের। তা হলে স্কুলে পঠনপাঠনের কী হবে!
জনগণনা, ভোটার তালিকায় সংশোধন–সংযোজন এবং ভোটে শিক্ষকদের কাজে লাগানোর ফলে পড়াশোনায় ক্ষতির কথা অবশ্য সম্প্রতি স্বীকার করেছেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। তবে জানিয়েছিলেন, এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের দৃষ্টি আকর্ষণ করেছেন। সূত্রের খবর, স্কুলশিক্ষায় শিক্ষক–শিক্ষাকর্মী মিলিয়ে কর্মচারীর সংখ্যা লাখ চারেক, যা অন্য কোনও দপ্তরে নেই। কিন্তু এঁদের ভোট ও জনগণনার কাজে নিয়োগ করলে তো পঠনপাঠন ব্যাহতই হবে।
শিক্ষক সংগঠন ‘অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’–এর রাজ্য সম্পাদক চন্দন গরাই বলেন, ‘গত বছরের নভেম্বর থেকে স্পেশাল ইনটেনশিভ রিভিশন (সার), পরে বিধানসভা ভোট, এখন জনগণনার কাজে ব্যস্ত টিচাররা। এ বছর এখনও পর্যন্ত মোট ১৫০ দিনও ক্লাস হয়নি! এ দিকে রাজ্যের নতুন সিলেবাস কমিটি চায়, অন্তত ২২০টি শিক্ষাদিবসে সিলেবাস শেষ করতে হবে। এটা কী করে সম্ভব!’ আর একটি সংগঠনের কলকাতা জেলা উপদেষ্টা ভীমসেন বিশওয়ালের কথায়, ‘সারা বছরই যদি টিচারদের অন্য কাজ করতে হয়, তা হলে ছাত্রছাত্রীদের এই স্কুলে কেন পাঠাবেন অভিভাবকরা? উল্টে বেসরকারি স্কুলের রমরমা বাড়বে। সরকার এ বিষয়ে নজর দিক।’