ছটপুজোয় কলকাতা শহরে ৩৭০০ পুলিশ মোতায়েন, শব্দবাজি রুখতে বিশেষ নজরদারি - 24 Ghanta Bangla News
Home

ছটপুজোয় কলকাতা শহরে ৩৭০০ পুলিশ মোতায়েন, শব্দবাজি রুখতে বিশেষ নজরদারি

Spread the love


কলকাতা: দীপাবলিতে শব্দদূষণ ও পুলিশের উপর ‘আক্রমণে’র ঘটনার পর ছটপুজোকে (Chhath Puja) শান্তিপূর্ণ রাখতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন ঘাট, পুকুর ও জলাশয়…

কলকাতা: দীপাবলিতে শব্দদূষণ ও পুলিশের উপর ‘আক্রমণে’র ঘটনার পর ছটপুজোকে (Chhath Puja) শান্তিপূর্ণ রাখতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। শহরের বিভিন্ন ঘাট, পুকুর ও জলাশয় ঘিরে মোট ৩,৭০০ পুলিশকর্মী মোতায়েন করা হবে। নিষিদ্ধ শব্দবাজি ফাটানো এবং ডিজে বাজানো আটকাতে এবারও কড়া নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যা ও মঙ্গলবার সকালে ছটপুজোর জন্য শহরের ১৩৩টি ঘাট এবং প্রাকৃতিক ও কৃত্রিম জলাশয়ে ভিড় জমাবেন পুণ্যার্থীরা। তাঁদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বে থাকবেন অন্তত ৩৫ জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। তাঁদের মধ্যে থাকবেন ডিসি ও এসি পদমর্যাদার অফিসাররা।

১৪টি থানা এলাকায় বাড়তি নজরদারি

গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে শহরের কিছু এলাকাকে বিশেষভাবে চিহ্নিত করেছে পুলিশ। মুকুন্দপুর, সার্ভে পার্ক, কসবা, ঢাকুরিয়া, পদ্মপুকুর, বেলেঘাটা, ট্যাংরা, কাশীপুর, সরসুনা ও পর্ণশ্রী-সহ মোট ১৪টি থানা এলাকায় বাড়তি নজরদারি চালানো হবে।

পুলিশের পর্যবেক্ষণ, বড় ঘাটগুলিতে সাধারণত বড় ধরনের নিষিদ্ধ বাজি ফাটানোর ঘটনা ঘটে না। বরং স্থানীয় পুকুর ও ছোট জলাশয়গুলিতে পুলিশি উপস্থিতি তুলনামূলক কম থাকায় সেখানেই বেশি নিয়মভঙ্গের অভিযোগ ওঠে। গত বছরও চিহ্নিত এলাকাগুলির কয়েকটিতে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগ এসেছিল।

দীপাবলির সময় শহরের যে জায়গাগুলি থেকে সবচেয়ে বেশি শব্দদূষণের অভিযোগ এসেছে, সেগুলিও চিহ্নিত করেছে পুলিশ। যদিও আধিকারিকদের মতে, শহরের সব এলাকায় পরিস্থিতি খারাপ ছিল না। লেক ও সাদার্ন অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে।

রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে বিশেষ ব্যবস্থা

রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের নিরাপত্তায় রবিবার সকাল ১০টা থেকে শিফট অনুযায়ী প্রায় ৩০০ পুলিশকর্মী মোতায়েন থাকবেন। এই দলে ট্রাফিক পুলিশের কর্মীরাও থাকবেন। তাঁরা পুণ্যার্থীদের অস্থায়ী ও স্থায়ী জলাশয়ের দিকে যেতে সাহায্য করবেন।

গত দুই বছর ধরে রবীন্দ্র সরোবরে ছটপুজোর ভিড় নিয়ন্ত্রণে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবারও তা বজায় রাখা হবে। সরোবরের প্রবেশপথগুলিতে ব্যারিকেড দেওয়া হবে। বাঁশের ব্যারিকেডের নির্দিষ্ট অংশে টিনের কাঠামো বসানো হবে, যাতে কেউ ফাঁক গলে ভিতরে ঢুকতে না পারেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাতেই গত দু’বছর এই ব্যবস্থা কার্যকর হয়েছিল বলে পুলিশের দাবি।

বাজি বিক্রি রুখতে অভিযান, চলবে সচেতনতা প্রচার

নিষিদ্ধ বাজির বিক্রি বন্ধ করতে শহরের বিভিন্ন বাজির বাজারে নিয়মিত অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মধ্য কলকাতার ওল্ড চায়না বাজার ও চাঁদনি চক-সহ দক্ষিণ কলকাতার কয়েকটি নির্দিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হবে।

পাশাপাশি পোস্তা, বড়বাজার এবং উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় মাইকিং ও সচেতনতা প্রচার চালানো হবে। বিশেষ করে যেখানে বিহারি সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি, সেই এলাকাগুলিতেও প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে।

গত তিন বছরে কলকাতা পুলিশের হাতে প্রায় ২৫০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে। পুলিশের একাংশের মতে, নিয়মিত বাজি বাজেয়াপ্ত হওয়া যেমন নজরদারির প্রমাণ, তেমনই শহরে এখনও নিষিদ্ধ বাজির মজুত থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দীপাবলিতে তিনটি পৃথক জায়গায় পুলিশের উপর হামলার ঘটনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তাই ছটপুজোর পাশাপাশি আগামী ৩০ অক্টোবর জগদ্ধাত্রী পুজো পর্যন্ত শহরের কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

গত বছরের তুলনায় এবার মোট পুলিশ মোতায়েনের সংখ্যা কিছুটা কম হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। এর কারণ হিসেবে বলা হচ্ছে, পুণ্যার্থীরা গত বছরের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে অনেকটাই পরিচিত হয়ে গিয়েছেন। পাশাপাশি এবার শহরের আরও বিস্তৃত এলাকায় প্রশাসনিক পরিকল্পনা নিয়ে স্থানীয়দের সঙ্গে আগে থেকেই আলোচনা করা হয়েছে। এখনও পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও মিলেছে বলে পুলিশ সূত্রের দাবি।

The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *