সোশ্যাল মিডিয়া নিয়ে অশান্তি, খুন তরুণ ইঞ্জিনিয়ার?
তবে কী দিয়ে খুন করা হয়েছিল সার্থককে, তা এখনও স্পষ্ট নয়। সেই রহস্যের কিনারা করতে এ দিন ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। ধৃত মা ও মেয়েকে নিয়ে ফ্ল্যাটে ঘটনার পুনর্নির্মাণও করানো হয়। যে ঘরে সার্থকের মৃত্যু হয়েছিল, সেখান থেকেই উদ্ধার হয়েছে একটি রক্তমাখা কাঁচি। পুলিশের অনুমান, ওই কাঁচি দিয়েই সার্থককে খুন করা হয়ে থাকতে পারে। সেটি পরীক্ষার জন্য ফরেন্সিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সোমবার খুনের অন্যতম অস্ত্র হিসেবে চপস্টিকের কথাও উল্লেখ করেছিল পুলিশের একাংশ। এ দিন ফ্ল্যাটের অন্য ঘর থেকে আরও বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। সেই রিপোর্ট হাতে এলেই খুনের অস্ত্র এবং মৃত্যুর ধরন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। সার্থক ও সঞ্চালিকার মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল বলে তদন্তে উঠে এসেছে। পুলিশের দাবি, দু’জনেরই একে অন্যের প্রতি সন্দেহের প্রবণতা ছিল প্রবল। সঞ্চালিকার দিদা পুলিশকে জানিয়েছেন, সার্থক গাঁজা খেতেন। তা নিয়েও দু’জনের মধ্যে একাধিকবার অশান্তি হয়েছে। ঘটনার সময়ে ওই ঘরে সার্থক ও সঞ্চালিকা ছাড়া অন্য কেউ ছিলেন না বলেও দাবি করেছেন সঞ্চালিকার দিদা। ঘটনার আগে মা ও মেয়ের মধ্যেও কলেজের ফি জমা দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল বলে পুলিশকে তিনি জানিয়েছেন। তখন সঞ্চালিকা মায়ের গলায় আঁচড় কেটে দেন বলে অভিযোগ। ফলে ঘটনার আগে ফ্ল্যাটের ভিতরে একাধিক স্তরে অশান্তি চলছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।