দিলজিতের কনসার্টে যাওয়ার টোপ ছাত্রীদের, নারী পাচারে জড়িত থাকার অভিযোগ, সাসপেন্ড ছাত্রনেতা - 24 Ghanta Bangla News
Home

দিলজিতের কনসার্টে যাওয়ার টোপ ছাত্রীদের, নারী পাচারে জড়িত থাকার অভিযোগ, সাসপেন্ড ছাত্রনেতা

Spread the love

দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে মেয়েদের বিনামূল্যে প্রবেশের সুযোগ। শুধু কনসার্ট দেখাই নয়, সঙ্গে পাওয়া যাবে ১০ থেকে ৩০ হাজার টাকাও। তবে তার জন্য রয়েছে একটি শর্ত। ‘দেখতে সুন্দর ও আকর্ষণীয়’ হলেই তবেই মিলবে এই সুযোগ। দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে নিয়ে যাওয়ার নাম করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের এমনই প্রলোভন দেখানোর অভিযোগ উঠল NSUI নেতা আনস খানের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই তাঁকে সাসপেন্ড করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রামানুজন কলেজ কর্তৃপক্ষ। বিষয়টির সঙ্গে নারী চক্রের যোগ থাকার সন্দেহও প্রকাশ করেছে বিজেপির ছাত্র সংগঠন ABVP।

একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। অভিযোগ, আগামী ২৩ নভেম্বর গুজরাটের আমেদাবাদে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে কয়েক জন ছাত্রীকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন আনস। বিনামূল্যে কনসার্ট দেখার পাশাপাশি যাতায়াত, উপহার এবং ১০-৩০ হাজার টাকা দেওয়ার টোপ দেওয়া হয়েছিল। শুধু তা-ই নয়, দেখতে আকর্ষণীয় এবং পার্টি করতে পছন্দ করেন, এমন ছাত্রীদেরই যোগাযোগ করতে বলা হয়েছিল বলে অভিযোগ।

বিষয়টি জানাজানি হতেই কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়ে। প্রাথমিক তদন্তের পরে ৬ নভেম্বর আনসকে সাসপেন্ড করে রামানুজন কলেজ। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কলেজের নিয়মিত পঠনপাঠন ও অন্যান্য কার্যকলাপে অংশ নিতে পারবেন না তিনি। তবে তাঁকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে।

মানবপাচার চক্রের যোগ? NIA তদন্তের দাবি

ঘটনায় আরও বড় অভিযোগ তুলেছে ABVP। তাদের দাবি, এর পিছনে নারীপাচার এবং দেহব্যবসার কোনও সংগঠিত চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। সম্ভাব্য আন্তর্জাতিক যোগের তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা NIA-কে দায়িত্ব দেওয়ার দাবিও জানিয়েছে তারা। ABVP-র অভিযোগ, এর আগেও NSUI-র সঙ্গে যুক্ত কয়েক জনের বিরুদ্ধে একই ধরনের প্রস্তাব দেওয়ার চ্যাট প্রকাশ্যে এসেছিল।

আনসের দায় নিতে নারাজ NSUI

অন্য দিকে, আনসের সঙ্গে সংগঠনের কোনও বর্তমান সম্পর্ক নেই বলে দাবি NSUI-র। তাদের বক্তব্য, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সময়ই ১২ সেপ্টেম্বর আনসকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। বর্তমান বিতর্কের সঙ্গে সংগঠনকে জড়ানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি তাদের। NSUI-র জাতীয় মিডিয়া ইনচার্জ রবি পাণ্ডে জানিয়েছেন, ছাত্রীদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে আপস করা যায় না। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি।

তবে আনসকে সাসপেন্ড করার সময় এবং এ সংক্রান্ত চিঠির তারিখ নিয়ে প্রশ্ন তুলেছে ABVP। সব মিলিয়ে কনসার্টে যাওয়ার প্রস্তাবের সঙ্গে নারী পাচার বা দেহব্যবসায় নামানোর অভিযোগ জুড়ে যাওয়ায় তুঙ্গে উঠেছে শোরগোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *