NVIDIA CEO Jensen Huang: হানি-ট্র্যাপের শিকার NVIDIA-র সিইও? | NVIDIA CEO Jensen Huang in Honey Trap Row? FBI Probes Alleged China Espionage Links
NVIDIA-র সিইও জেনসেন হুয়াং কি হানি-ট্র্যাপের শিকার?
Image Credit: NEWS9
ওয়াশিংটন: অ্যাপলের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দামি AI হার্ডওয়ার প্রস্তুতকারক কোম্পানি NVIDIA এখন তুমুল বিতর্কের কেন্দ্রে। এই মার্কিন সংস্থার সিইও বিবাহ বহিৰ্ভূত সম্পর্কে জড়িয়েছেন আরেক চিনা উদ্যোগপতি মহিলার সঙ্গে। এখানেই শেষ নয়, ওই চিনা মহিলা নাকি আমেরিকার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য পাচার করছেন চিনে। ব্যবসায়ীর আড়ালে আসলে তিনি নাকি বেজিংয়ের চর! খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগে এফবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
AI তথ্য পাচার বেজিংয়ে?
AI বুমের দুনিয়ায় NVIDIA-র চিপের কার্যত মনোপলি বা একাধিপত্য। ডেটা সেন্টার, AI হার্ডওয়ার, সুপার চিপ, গেমিং পিসির GPU— মোদ্দা কথা, একটা হাই এন্ড কম্পিউটিংয়ের জন্য যা যা লাগে, NVIDIA সংস্থা সেই সব চিপ বানায়। শুধু বানায় না, বিশ্বের সবথেকে বড় তিনটি সংস্থার মধ্যে দ্বিতীয়। অ্যাপলের পরে, মাইক্রোসফটের আগে। সংস্থার মোট ভ্যালু ৪.৩ ট্রিলিয়ন থেকে ৫ ট্রিলিয়ন ডলারের আশপাশে। মোবাইল ফোন, কম্পিউটার, টিভি- সহ পৃথিবীর প্রায় প্রতিটি AI চালিত ইলেক্ট্রনিক ডিভাইসের মধ্যেই NVIDIA-র চিপ।
প্রায় ৪৭ হাজার কর্মী বিশিষ্ট এই সংস্থা শুধু ২০২৬ অর্থবর্ষেই ২০০ বিলিয়ন ডলারের বেশি বার্ষিক লাভ করেছে। এত বড় সংস্থার সিইও জেনসেন হুয়াং সদ্য জড়িয়েছেন বিবাহ বহিৰ্ভূত সম্পর্কে। যে মহিলার সঙ্গে তাঁর সঙ্গে প্রেম, সেই চিনা উদ্যোগপতি অ্যালিস হুয়াং-কে নাকি চিনা বিদেশমন্ত্রক নিয়োগ করেছে গুপ্তচরবৃত্তির জন্য। অ্যালিস সিঙ্গাপুরের ডেটা সেন্টার ফার্ম মেগস্পিডের শীর্ষ কর্ত্রী। অ্যালিসের সংস্থা প্রায় ২ বিলিয়ন ডলারের nvidia চিপ কেনে। ওই চিপ ঘুরপথে চিনে পাচার করা হচ্ছিল কি না, সেটাই এখন খতিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
কেন এই চরবৃত্তির অভিযোগ নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্টের এত মাথাব্যথা? আসুন জেনে নিই-
- বিশ্বের সবচেয়ে আধুনিক কম্পিউটার চিপ বানায় NVIDIA
- তাদের চিপ-এই চলে চ্যাট জিপিটি-র মতো প্রায় সব বড় AI মডেল
- AI হার্ডওয়্যার মডেল বানানোর দৌড়ে টক্কর চিন ও আমেরিকার
- ডিফেন্স, সাইবার সিউকিউরিটি-সহ অর্থনীতির ভিত্তিই এখন AI
- চিন এই দৌড়ে এগিয়ে গেলে ভেঙে পড়বে মার্কিন অর্থনীতি
- অ্যালিসের বিরুদ্ধে ওই চিপ ঘুরপথে চিনে পাচারের অভিযোগ
- চিনে NVIDIA-র আধুনিক চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি ট্রাম্পের
জেনসেংয়ের সঙ্গে খোদ ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে চিনে তাঁর সংস্থার তৈরি চিপ বিক্রির পক্ষে জোরালো সওয়াল করেন NVIDIA-র সিইও। এমন একজন প্রভাবশালীর সঙ্গে প্রেমের অছিলায় চিনা নাগরিক অ্যালিস AI সংক্রান্ত সংবেদনশীল তথ্য বেজিংয়ে পাচার করছেন কি না, এই নিয়ে এফবিআই-কে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
যদিও মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এই কেচ্ছা ও চরবৃত্তির খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেজিং-ও। তাদের বিদেশমন্ত্রকের দাবি, এই খবরের কোনও ভিত্তি নেই। কিন্তু এই বিতর্কে রক্ষক্ষরণ হয়েছে বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুকারক সংস্থাটির। সংস্থার শেয়ারের দাম পড়েছে ৪.২৭%। বাজার থেকে মুছে গেছে সংস্থার প্রায় ২ বিলিয়ন ডলার। প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ভারতেও। রিলায়েন্সের সঙ্গে যৌথ উদ্যোগে গুজরাটে ১ গিগাওয়াটের AI ডেটা সেন্টার বানাচ্ছে NVIDIA। যে AI মডেল ভারতীয় ভাষায় বিশেষজ্ঞ হবে। এছাড়াও L & T, টাটা-র সঙ্গে পার্টনারশিপেও AI ডেটা সেন্টার বানাচ্ছে NVIDIA।