High Court: সরকারি গ্রন্থাগারে নকল ও AI দিয়ে তৈরি বই! বড় পদক্ষেপ করল হাইকোর্ট | High Court give direct file FIR over allegations of massive financial irregularities and corruption in purchase of books for government libraries
চেন্নাই: সরকারি গ্রন্থাগারগুলির জন্য বই কেনার ক্ষেত্রে বিপুল আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এই ঘটনায় কড়া পদক্ষেপ করল হাইকোর্ট। এমনকী দুর্নীতি দমন শাখা বা DVAC-কে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিয়েছে মাদ্রাজ আদালত। পাশাপাশি, জালিয়াতির সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা প্রকাশনা সংস্থাগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি এম ডি সুমতির ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ দেয়।
কী অভিযোগ উঠেছে?
মামলার সূত্রপাত তামিলনাড়ুর সরকারি গ্রন্থাগারগুলির জন্য বই কেনাকে কেন্দ্র করে। অভিযোগ, সরকারি গ্রন্থাগারের জন্য এমন কিছু বই কেনা হয়েছিল, যেগুলির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যে তৈরি লেখা রয়েছে। শুধু তাই নয়, বইগুলিতে এমন কিছু তথ্যও রয়েছে, যেগুলির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশিষ্ট লেখক পেরুমল মুরুগান একটি প্রবন্ধে বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপর তামিলনাড়ুর স্কুলশিক্ষামন্ত্রী এ রাজমোহনও অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে একটি নির্দিষ্ট প্রকাশনা সংস্থা ‘আগল ভিলাক্কু পাঠিপ্পাগম’ (Agal Vilakku Pathippagam) থেকে নিম্নমানের এবং ভুল তথ্যে ভরা বই কেনা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সরকারি গ্রন্থাগারের জন্য বই কেনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছিল।
আদালত জানিয়েছিল, ২০২৪ সালের ৭ মার্চ স্কুলশিক্ষা দফতরের জারি করা সরকারি নির্দেশিকা মেনেই বই কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও আদালতের নির্দেশ ছিল, সরকারি গ্রন্থাগারের জন্য বই কেনার বিষয়ে একটি নির্দিষ্ট, সহজে ব্যবহারযোগ্য ওয়েবসাইট তৈরি করতে হবে। নতুন বই কেনার প্রস্তাব নেওয়া হলে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তামিলনাড়ুর যেসব প্রকাশনা সংস্থা অন্তত ২০০টি বই প্রকাশ করেছে, তাদের ই-মেলের মাধ্যমে বই কেনার বিষয়ে জানাতে হবে। কোন কোন বই কেনার জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে, তার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। বই কেনার ক্ষেত্রে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে।
আইনজীবী রামাসুব্বু আদালতে একটি আদালত অবমাননার মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আধিকারিকরা হাইকোর্টের আগের নির্দেশ কার্যকর করেননি।
আবেদনকারীর বক্তব্য, এটি নিছক প্রশাসনিক গাফিলতি বা আর্থিক অনিয়মের ঘটনা নয়। বরং এর ফলে রাজ্যের শিক্ষাব্যবস্থা, সাহিত্যচর্চা এবং তামিলনাড়ুর ইতিহাস ও সংস্কৃতির ক্ষতি হয়েছে। সরকারি অর্থেরও বিপুল অপচয় হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মামলার শুনানিতে হাইকোর্ট রাজ্যের ডিরেক্টর অফ পাবলিক লাইব্রেরিজকে নির্দেশ দিয়েছে, বই কেনার ক্ষেত্রে যে সমস্ত সরকারি আধিকারিকের ভূমিকা ছিল, তাঁদের নামের তালিকা আদালতে জমা দিতে হবে।
পাশাপাশি, গোটা ঘটনায় দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করতে DVAC-কে FIR দায়েরের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত প্রকাশকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে।