Domestic Violence Allegations: ‘ধর্মাবতার, আমার স্ত্রী ৯টা বিয়ে করেছেন, আমি সাত নম্বর’, বিচারকের কাছে বিস্ফোরক নেতা | Karnataka Man Claims at Karnataka High Court that Wife Married 9 Times, Says He Was Her Seventh Husband
বেঙ্গালুরু: স্ত্রী তাঁর বিরুদ্ধে পণের জন্য চাপ ও গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন। স্ত্রীর করা ফৌজদারি মামলার বিরুদ্ধে আদালতে আবেদন করেন তিনি। আর বিচারপতির সামনে বিস্ফোরক দাবি করলেন কর্নাটকের এক রাজনীতিক। দাবি করলেন, তাঁর স্ত্রী ৯টি বিয়ে করেছেন। আর তিনি তাঁর ৭ নম্বর স্বামী। আবেদনের শুনানি শেষে কর্নাটক হাইকোর্ট ওই ব্যক্তির স্ত্রীর করা ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে।
কর্নাটকের হোসাপেটের ওই ৪৯ বছরের ব্যক্তি একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা। তাঁর স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী অত্যন্ত হিংস্র। তিনি পণের দাবিতে নির্যাতন করেন। ওই মহিলা রাজনৈতিক নেতার বিরুদ্ধে পণের দাবি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে উদুপি আদালতে একটি ফৌজদারি মামলা চলছিল। ওই মামলার আইনি প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই রাজনৈতিক নেতা।
স্বামীর সঙ্গে ঝগড়া, নির্যাতন, তারপর টাকার বিনিময়ে সমঝোতা-
ওই রাজনৈতিক নেতার দাবি, ২০০৪ সাল থেকে তাঁর স্ত্রী একের পর এক বিয়ে করেছেন। মোট ৯ বার বিয়ে করেছেন তিনি। স্বামীর বক্তব্য, প্রথম বিয়ের সময় তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ১৬ বছর। তাঁর সঙ্গে যখন বিয়ে হয়, তখন তিনি ওই মহিলার সপ্তম স্বামী ছিলেন। রাজনৈতিক নেতার আরও অভিযোগ, বিয়ের পর স্বামীর সঙ্গে ঝগড়া করা, তাঁকে হেনস্থা করা এবং পরবর্তী সময়ে টাকার বিনিময়ে সমঝোতা করাই ওই মহিলার অভ্যাস। নিজের দাবির স্বপক্ষে আদালতে বেশ কিছু নথিও জমা দেন তিনি।
যদিও স্বামীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই মহিলা। তাঁর দাবি, তিনি ৯ বার নয়, মাত্র চারবার বিয়ে করেছেন। আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ বা ইসলামিক রীতি অনুযায়ী ‘খুলা’ সম্পন্ন হওয়ার পরেই তিনি পরবর্তী বিয়ে করেছেন। তাঁর আরও অভিযোগ, স্বামী আদালতে যে নথিগুলি জমা দিয়েছেন, সেগুলি জাল।
কী রায় দিল হাইকোর্ট?
এই মামলায় দু’পক্ষের বক্তব্য শোনার পাশাপাশি জমা পড়া নথিপত্র খতিয়ে দেখে হাইকোর্ট জানায়, মহিলার অভিযোগের পক্ষে যথেষ্ট অকাট্য প্রমাণ নেই। ফৌজদারি মামলা চালানোর জন্য প্রয়োজনীয় প্রমাণও পাওয়া যায়নি। আদালতের পর্যবেক্ষণ, চার্জশিট জমা পড়লেই কোনও অপরাধ প্রমাণিত হয়ে যায় না। এরপর রাজনৈতিক নেতার দায়ের করা আবেদন গ্রহণ করে আদালত। পাশাপাশি, স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপ চালানোর দাবিও খারিজ করে দেয় হাইকোর্ট।