Agnimitra Paul: ‘ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছি’, স্কুলের সিলেবাসে আসছে বড় বদল, সেটাও জানালেন অগ্নিমিত্রা | West Bengal School Curriculum Change: Urban Development Minister Agnimitra Paul Writes to Education Minister
কলকাতা: রাজ্যে স্কুলে শিশুদের পাঠ্যক্রমে বদল আসতে চলেছে। সেই আভাস দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি ইতিমধ্যেই সেই বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি লিখেছেন বলে জানান তিনি। তাঁর কথায়, “রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি লিখে আবেদন করেছি। বাচ্চাদের জন্মদিনে গাছ লাগাতে বলুন। পাঠ্যক্রমে স্বচ্ছতা এবং বিহেভিওর নিয়ে পড়ানো হোক।”
কালীপুজোর পর দূষণ নিয়ন্ত্রণে রাজ্যের তরফ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, তাও জানালেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “দূষণ নতুন কোনও সমস্যা নয়। বছরের পর বছর ধরে উৎসব, যানবাহন ও অন্যান্য কারণে দূষণের মাত্রা বাড়ে। কিন্তু উৎসবের আনন্দের সঙ্গে পরিবেশ, বয়স্ক মানুষ, শিশু, অসুস্থ মানুষ এবং পশুপাখির প্রতি আমাদের সংবেদনশীলতাও বজায় রাখা জরুরি।”
অগ্নিমিত্রা জানান, সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা মেনে শব্দবাজি ও আতশবাজি ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে নজরদারি করছে এবং বিভিন্ন এলাকায় ব্যবস্থা নিচ্ছে। তবে প্রত্যেকটি বাড়ি বা বিল্ডিংয়ের সামনে পুলিশ মোতায়েন করা সম্ভব নয়। তাই প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও নিজেদের দায়িত্ব বুঝে সচেতন ও সংবেদনশীল হতে হবে।
তিনি বলেন, “বিশেষ করে কুকুর-বিড়ালসহ প্রাণীরা উচ্চ শব্দে অনেক বেশি কষ্ট পায়। পাশাপাশি বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি ও ছোট শিশুদেরও অতিরিক্ত শব্দ ও দূষণের প্রভাব পড়ে। আমাদের কয়েক মিনিটের আনন্দ যেন অন্য কারও জন্য অসহনীয় পরিস্থিতির কারণ না হয়—এই সচেতনতা আমাদের সকলের মধ্যে তৈরি হওয়া প্রয়োজন।”
তিনি জানান, নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকেও দূষণ নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। মিস্ট ক্যাননের মাধ্যমে বাতাসে থাকা ধূলিকণাকে কমানোর চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে উৎসব ও বিসর্জনের মতো গুরুত্বপূর্ণ সময়ে। একইসঙ্গে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে আরও বেশি করে বৃক্ষরোপণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রীর কথায়, স্কুলস্তর থেকেই পরিবেশ সচেতনতা গড়ে তোলার একটি প্রস্তাব নিয়েও কাজ করা হচ্ছে—শিক্ষার্থীদের জন্মদিনে অন্তত দুটি করে গাছ লাগানো এবং সেই গাছের দায়িত্ব নিজেদের সন্তানের মতো নেওয়ার অভ্যাস তৈরি করা। আগামী ৫–১০ বছরে এই ধরনের উদ্যোগ আমাদের শহর ও রাজ্যের সবুজায়নে বড় ভূমিকা রাখতে পারে।