দুধের দাম বাড়াল আমুল ও মাদার ডেয়ারি, কোন প্যাকেটে কত টাকা বেশি দিতে হবে?

নয়াদিল্লি: দুধ কিনতে এবার পকেটে বাড়তি চাপ পড়তে চলেছে সাধারণ মানুষের। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের দুই বড় দুগ্ধ প্রস্তুতকারক…
নয়াদিল্লি: দুধ কিনতে এবার পকেটে বাড়তি চাপ পড়তে চলেছে সাধারণ মানুষের। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের দুই বড় দুগ্ধ প্রস্তুতকারক সংস্থা আমুল ও মাদার ডেয়ারি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমুলের বিভিন্ন ধরনের দুধের দাম লিটার পিছু ২ থেকে ৬ টাকা পর্যন্ত বাড়বে। অন্যদিকে, মাদার ডেয়ারির প্যাকেটজাত ও অন্যান্য তরল দুধের দাম বাড়ছে ২ থেকে ৪ টাকা। দুধের জোগান কমে যাওয়া এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
সংবাদসংস্থা ANI-র প্রতিবেদন অনুযায়ী, আমুলের ক্ষেত্রে দুধের ধরন অনুযায়ী দাম বাড়ানোর পরিমাণ আলাদা। টোনড মিল্কের দাম লিটার পিছু ২ টাকা বাড়ছে। ফুল ক্রিম দুধের ক্ষেত্রে দাম বাড়বে ৪ টাকা। সবচেয়ে বেশি দাম বাড়ছে ফুল ক্রিম বাফেলো মিল্কের। এই দুধের দাম লিটার পিছু ৬ টাকা বাড়িয়ে ৮০ টাকা থেকে ৮৬ টাকা করা হচ্ছে। এই দুধে ফ্যাটের পরিমাণ ৬.৫ শতাংশ।
কোন দুধের দাম কত বাড়াচ্ছে মাদার ডেয়ারি?
আমুলের পাশাপাশি দাম সংশোধন করেছে মাদার ডেয়ারিও। ১২ নভেম্বর থেকে সংস্থার বিভিন্ন ধরনের তরল দুধের নতুন দাম কার্যকর হবে। দিল্লি-NCR অঞ্চলে বাল্ক ভেন্ডিং মেশিনের মাধ্যমে বিক্রি হওয়া টোনড মিল্কের দাম লিটার পিছু ৫৮ টাকা থেকে বেড়ে ৬০ টাকা হচ্ছে।
প্যাকেটজাত ফুল ক্রিম দুধের দাম ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা হয়েছে। প্যাকেটজাত টোনড মিল্কের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছে। ডবল টোনড মিল্কের দাম ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা হচ্ছে। অন্যদিকে, গরুর দুধের দাম লিটার পিছু ৬২ টাকা থেকে বেড়ে ৬৫ টাকা হয়েছে। উল্লেখ্য, দিল্লি-NCR অঞ্চলে মাদার ডেয়ারি প্রতিদিন ৫০ লক্ষ লিটারেরও বেশি দুধ বিক্রি করে।
কেন বাড়ছে দুধের দাম?
সাধারণত শীতের আগে ও শীতের সময় দুগ্ধ উৎপাদনের পরিমাণ বাড়ে। এই সময়কে ডেয়ারি শিল্পে ফ্লাশ সিজন বলা হয়। ফলে বাজারে দুধের জোগানও তুলনামূলক বেশি থাকার কথা। কিন্তু এবার সেই পরিস্থিতিতে পরিবর্তন দেখা যাচ্ছে। দুধ সংগ্রহের পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি পশুখাদ্যের দাম বৃদ্ধিও চাপে ফেলেছে দুগ্ধ ব্যবসাকে।
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে দুধের ফ্যাটের দাম প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বেড়েছে। ফলে দুধ প্রক্রিয়াকরণের খরচও বেড়েছে। গবাদি পশুর খাবারের দাম বাড়ায় সমস্যায় পড়েছেন দুগ্ধ খামারিরাও। তাঁদের কাছ থেকে বেশি দামে দুধ সংগ্রহ করতে হচ্ছে সংস্থাগুলিকে।
জানা গিয়েছে, দুধের ফ্যাটের সঙ্গে যুক্ত সংগ্রহমূল্য প্রতি কেজিতে ১,০০০ টাকা করেছে আমুল। এর ফলে খামারিরা প্রতি লিটার দুধের জন্য ৬০ টাকার বেশি পেতে পারেন। তাজা দুধের জোগান কমলে সংস্থাগুলি সাধারণত দুধের গুঁড়ো ও মিল্ক ফ্যাট ব্যবহার করে তরল দুধ তৈরি করে। কিন্তু ফ্যাটের দাম বেড়ে যাওয়ায় সেই বিকল্প ব্যবস্থাও ব্যয়বহুল হয়ে উঠেছে। সব মিলিয়ে উৎপাদন ও সংগ্রহের খরচ সামলাতে ক্রেতাদের উপরই বাড়তি দামের বোঝা চাপাচ্ছে সংস্থাগুলি।
জামুড়িয়ার পরিত্যক্ত কয়লা খনির জমিতে এবার টেক্সটাইলে হাবের পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকারের
৫ নভেম্বর বাংলার নতুন শিল্পনীতি ঘোষণা শুভেন্দুর! জমি আইনে বড়সড় বদলের ইঙ্গিত