জালে জড়িয়ে গিয়েছিল সন্তান, উৎকণ্ঠায় ছাদে দাপাদাপি বানর দলের, ডাকা হলো পরিবেশপ্রেমীদের, তার পর…
গাছ বাঁচাতে ছাদে লাগানো হয়েছিল জাল। কিন্তু সেই জালই যে একরত্তি প্রাণের বিপদের কারণ হয়ে উঠবে, তা কে জানত! অসাবধানতাবশত সেই জালে আটকে পড়ে মাত্র তিন মাসের এক বানর ছানা। সন্তানকে বিপদে পড়তে দেখে ছুটে আসে মা বানর ও তার সঙ্গীরা। শুরু হয় ছটফটানি, সন্তানকে উদ্ধারের মরিয়া চেষ্টা। কিন্তু কিছুতেই মিলছিল না মুক্তি। শেষমেশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পশুপ্রেমীরা। তাঁদের তৎপরতায় দীর্ঘ উৎকণ্ঠার অবসান। জাল কেটে উদ্ধার করা হয় শাবকটিকে। আর সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফেরে মা বানরের চোখেমুখে। মেদিনীপুর শহরের ছোটবাজার এলাকার এই ঘটনা মন জয় করেছে নেটিজেনদের। পশুপ্রেমীদের তৎপরতায় বিপন্মুক্ত হয় বানর ছানা। সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরল মা বানরের চোখেমুখেও।