অভিনেত্রী সমরীন কৌরের সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ
বুধবার (১১ নভেম্বর) ইনস্টাগ্রামে দু’জনের একটি রোম্যান্টিক ফটোশুটের মাধ্যমে এই সুখবর ভাগ করে নেন তাঁরা। ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে আর্শদীপ সমরীনের হাতে পরিয়ে দিচ্ছেন হিরের এনগেজমেন্ট রিং। অন্য একটি ছবিতে আলিঙ্গন করতে দেখা যায় দু’জনকে। ছবির ক্যাপশনে জীবনের নতুন এই অধ্যায়কে স্বাগত জানিয়ে সমরীন লেখেন, ‘জীবন আমাদের যত উপহার দিতে পারত, তার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হলো আমরা একে অপরকে পেয়েছি। আজীবনের পথচলার শুরু। ১১.১১.২০২৬ (হাই ফিয়ন্সে)।’ নিমেষের মধ্যেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় নীতি পুলিশদের জবাব
এই ঘটনার ঠিক কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় একদল নীতি পুলিশ ও ট্রোলারদের কড়া জবাব দিতে হয়েছিল সমরীনকে। গত ১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ বিবৃতি জারি করে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। অনেকে অভিযোগ করেছিলেন, একজন সেলিব্রিটি ক্রিকেটারের সঙ্গে তিনি কেবল খ্যাতি ও বিপুল অর্থের লোভে সম্পর্কে জড়িয়েছেন। সেই কটূক্তি নস্যাৎ করে সমরীন জানিয়েছিলেন, মাত্র ১৭ বছর বয়স থেকেই তিনি নিজে উপার্জন করছেন এবং যথেষ্ট স্বাচ্ছন্দ্যেই নিজের জীবন গড়েছেন।