সিপিএম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, ক্ষমা চেয়েও সাসপেন্ডেড ইনস্পেক্টর - 24 Ghanta Bangla News
Home

সিপিএম নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, ক্ষমা চেয়েও সাসপেন্ডেড ইনস্পেক্টর

Spread the love

এই সময়: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের ইনস্পেক্টর ইকলাখ আহমেদকে। কলকাতা মেডিক্যাল কলেজের আউটপোস্টে কর্মরত ছিলেন তিনি। লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশেরই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাটিং চলছিল। অভিযোগ, সেই সময়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিক অশালীন মন্তব্য করেন ইকলাখ। এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়ে যায় গ্রুপে।

কিছুক্ষণের মধ্যে মন্তব্যগুলি ‘ডিলিট’ করে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন অভিযুক্ত ইকলাখ। কিন্তু তার আগেই তাঁর মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, কার্যত ভাইরাল হয়ে যায় তা। বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ করে লালবাজার, সাসপেন্ড করা হয় ওই অফিসারকে। সোমবার এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেন কলকাতা পুলিশের কমিশনার (সিপি) অজয় নন্দ। পুলিশ সূত্রে খবর, নির্দেশিকায় জানানো হয়েছে, একজন সরকারি কর্মচারী হয়ে সরকার ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে এ ধরনের অবমাননাকর মন্তব্যের তদন্ত করবে রাজ্য। সাসপেনশনে থাকাকালীন ইকলাখের অর্ধেক বেতন কাটা যাবে। এই ঘটনায় পুলিশ–প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, ‘আইন এবং নিয়ম মেনে শো–কজ়ের সুযোগ না দিয়ে, তড়িঘড়ি এমন পদক্ষেপ অন্যায়।’ সম্প্রতি পুলিশকে প্রকাশ্যে চড় মারায় অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, সরকারের সমালোচনা করায় কেন একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে এমন ‘পক্ষপাতমূলক আচরণ’ হলো, সে প্রশ্ন তুলেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ।

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জেরে আগে কলকাতা পুলিশের দুই ডিসির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিল লালবাজার। এঁরা হলেন, ডিসি নর্থ (৩) বিধান সাহা এবং ডিসি পোর্ট (২) পার্থপ্রতিম দাস। তার পরেই সিপি বার্তা দিয়েছিলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারে অত্যন্ত সতর্ক থাকতে হবে পুলিশ অফিসারদের। কারণ, প্রশাসনের তরফে এ ধরনের বার্তা আদতে সমাজের উপরে খারাপ প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *