কুলগামে জঙ্গি হামলায় আহত ৩ CRPF জওয়ান, উচ্চপর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফের নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় তৎপরতা বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির। হামলায় তিন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা…
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফের নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় তৎপরতা বাড়ল কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির। হামলায় তিন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই গোটা ঘটনার বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে সিআরপিএফ। পাশাপাশি কাশ্মীরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু হয়েছে উচ্চপর্যায়ের বৈঠক।
সিআরপিএফের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ কুলগামের একটি নাকা চেকপোস্টে হামলা চালায় বাইকে আসা দুষ্কৃতীরা। সেখানে কর্তব্যরত জওয়ানদের লক্ষ্য করে পরপর ছ’রাউন্ড গুলি চালায় তারা। এরপর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। ওই নিরাপত্তা চৌকিটি জাতীয় সড়ক থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত।
গুলি চলার খবর পেয়েই আহত জওয়ানদের উদ্ধার করে অনন্তনাগের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে একজনকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।
আশঙ্কাজনক বাংলার জওয়ান
আহত তিন জওয়ানের মধ্যে রয়েছেন অসমের বাসিন্দা কনস্টেবল রাকেশ দাস। তাঁর পায়ে গুলি লেগেছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের বাসিন্দা কনস্টেবল সন্তোষ চন্দ্রুর পেট ও মেরুদণ্ডে গুলি লেগেছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। অন্যদিকে, মধ্যপ্রদেশের বাসিন্দা হেড কনস্টেবল সোমবীর সিংয়ের বাঁ হাতে গুলি লেগেছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল।
পহেলগাঁও হামলার পর ফের বড়সড় ঘটনা কাশ্মীরে?
২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের। সেই ঘটনার পর বেশ কয়েক মাস তুলনামূলক শান্ত ছিল উপত্যকা। যদিও বিচ্ছিন্নভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।
চলতি বছরের ৩১ জুলাই কুলগামের কেল্লাম গ্রামে ছত্তিশগড়ের দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপক রাত্রের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ভূপিন্দরও। ওই হামলার দায় নিয়েছিল বলে খবর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের।
তবে সাম্প্রতিক হামলার লক্ষ্য ছিল সরাসরি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা। কীভাবে হামলাকারীরা নিরাপত্তা চৌকি পর্যন্ত পৌঁছল, গুলি চালিয়ে কীভাবে পালিয়ে গেল এবং তাদের গতিবিধি সম্পর্কে আগে কোনও তথ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার পর উপত্যকায় নিরাপত্তা আরও জোরদার করার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।
শাস্তি দেয়নি আদালত! CRPF ক্যাম্পে আক্রমণে অভিযুক্তকে গুলি করে মারল অজ্ঞাত পরিচয় আততায়ী
যোগীর বড় ঘোষণা! পদোন্নতিপ্রাপ্ত পুলিশকর্মীদের ৮ লক্ষ টাকার বন্ড মকুব