Sonia Gandhi: 'কেঁদে ফেলেছিলেন ইন্দিরা, নিজের মৃত্যুর আশঙ্কার করে প্রস্তুত করছিলেন রাহুলকে', স্মৃতিকথায় বিস্ফোরক দাবি সনিয়ার | Sonia Gandhi Recalls Indira Gandhi Breaking Down Over Operation Blue Star, Sparks Political Row - 24 Ghanta Bangla News
Home

Sonia Gandhi: ‘কেঁদে ফেলেছিলেন ইন্দিরা, নিজের মৃত্যুর আশঙ্কার করে প্রস্তুত করছিলেন রাহুলকে’, স্মৃতিকথায় বিস্ফোরক দাবি সনিয়ার | Sonia Gandhi Recalls Indira Gandhi Breaking Down Over Operation Blue Star, Sparks Political Row

Spread the love

সনিয়া গান্ধী (বাঁদিকে), ইন্দিরা গান্ধী (ডানদিকে) (ফাইল ফোটো)

নয়া দিল্লি: ১৯৮৪ সালের ‘অপারেশন ব্লু স্টার’। পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে সেনা অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু সেই ধ্বংসের ছবি দেখে কেঁদে ফেলেছিলেন ইন্দিরা গান্ধী। শুধু তাই নয়, নিজের প্রাণনাশের আশঙ্কা করেছিলেন তিনি। এমনকী, পরিবারের সদস্যদেরও মানসিকভাবে প্রস্তুতও করছিলেন তিনি। নিজের স্মৃতিকথা Belonging: A Journey of Love-এ সনিয়ার এই মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

১৯৮৪ সালের জুন মাসে অমৃতসরের স্বর্ণমন্দির চত্বর থেকে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে এবং তাঁর অনুগামীদের সরাতে সেনা অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই সামরিক অভিযানের নাম ছিল অপারেশন ব্লু স্টার। অভিযানে ব্যাপক প্রাণহানি হয়েছিল। এই ঘটনা শিখ সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছিল।

এর পাঁচ মাস পর, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী। তাঁর হত্যার পরেই দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে শিখবিরোধী অশান্তি। সেইসময় হামলার মুখে পড়েন শিখ সম্প্রদায়ের মানুষ। আক্রান্ত হয় তাঁদের বাড়িঘর ও গুরুদ্বার।

কী বলেছেন সনিয়া গান্ধী?

স্মৃতিকথা প্রকাশের আগে ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে সনিয়া গান্ধী জানান, অপারেশন ব্লু স্টারের পর স্বর্ণমন্দিরের ধ্বংসলীলার ছবি দেখে ভেঙে পড়েছিলেন ইন্দিরা গান্ধী। সনিয়ার কথায়, “আমার শাশুড়িকে যখন ধ্বংসের ছবিগুলি দেখানো হয়েছিল, তখন তাঁর চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছিল।”

স্বর্ণমন্দিরে সেনা অভিযানের সিদ্ধান্ত এবং তার পরিণতি যে ইন্দিরা গান্ধীকে কতটা বিচলিত করেছিল, সেই কথাও স্মৃতিচারণা করেছেন সনিয়া। একই সঙ্গে অভিযানের পর নিজের সম্ভাব্য মৃত্যুর আশঙ্কা করে পরিবারের সদস্যদের প্রস্তুত করছিলেন ইন্দিরা। এমনকী, পরিবারের ছোট সদস্য রাহুল গান্ধীকেও কী করতে হবে এবং কীভাবে সাহস ধরে রাখতে হবে, তা বুঝিয়ে দিতেন তিনি।

১৯৮৪ সালের ৩১ অক্টোবরের সেই ভয়াবহ দিনের কথাও স্মরণ করেছেন সনিয়া। ইন্দিরা গান্ধীকে গুলি করার শব্দ প্রথমে দীপাবলির পর পড়ে থাকা বাজির আওয়াজ বলে ভেবেছিলেন তিনি। পরে ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ইন্দিরা।

হাসপাতাল থেকে ইন্দিরা গান্ধীর জন্য পোশাক আনতে ফেরার পথেও যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল, সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন সনিয়া। তাঁর কথায়, “পথে একদল লোক আমাদের গাড়ি আটকানোর চেষ্টা করেছিল। তারা গাড়ির জানলায় ধাক্কা মারছিল। তারা রেগে ছিল এবং এমন কিছু চিৎকার করে বলছিল, যা আমি বুঝতে পারিনি।”

সোনিয়ার স্মৃতিকথা ঘিরে রাজনৈতিক তরজা

তবে স্মৃতিকথায় ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত অনুভূতি এবং পরিবারের অভিজ্ঞতার কথা উঠে এলেও ১৯৮৪ সালের শিখবিরোধী অশান্তি নিয়ে সরাসরি বিশ্লেষণ বা বিস্তারিত বক্তব্য না থাকার অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাঁদের দাবি, এই বইয়ে অশান্তির ভয়াবহতা এবং সেই সময়কার রাজনৈতিক দায়বদ্ধতার বিষয়টি কার্যত এড়িয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *