MLA Daughter’s Wedding: ৪ লক্ষ মানুষের ভোজ, পুরস্কারে মিলবে ‘থর’, বিধায়কের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন | Bihar MLA Anant Singh’s Daughter’s Grand Wedding Before Surrender in Murder Case: Feast for 4 Lakh, Horse Race With Mahindra Thar as Prize
বিধায়কের মেয়ের বিয়েতে পুরস্কার থর Image Credit: Tv9 Bangla
পটনা: খুনের মামলায় কিছুদিন পরই আত্মসমর্পণ করতে হবে আদালতে। তার আগে মেয়ের বিয়ের এলাহি আয়োজন করছেন বিধায়ক (Bihar MLA Daughter Wedding)। বিদেশ থেকে আসছে ফুল, চার লক্ষ মানুষের ভোজর ব্যবস্থা তো আছেই। সেইসঙ্গে থাকছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। যেখানে প্রথম পুরস্কার হিসেবে মিলবে ‘মহিন্দ্রা থর’! বিহারের লাদমা গ্রামে মকামার বিধায়ক অনন্ত সিংয়ের ছোট মেয়ের বিয়েকে (MLA Daughter Wedding Planning) কেন্দ্র করে এমনই এলাহি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
বিয়েতে কী কী আয়োজন থাকছে?
আগামী ২৫ নভেম্বর বিয়ে অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের। পাত্র ঋষিকেশ কুমার। অঙ্কিত নামেও পরিচিত তিনি। জানা গিয়েছে, কয়েক একর জমি জুড়ে চলছে বিয়ের প্রস্তুতি। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দেশের একাধিক রাজনৈতিক নেতা, অভিনেতা ও সংগীতশিল্পী। বিধায়কের মেয়ের বিয়ের আমন্ত্রিতের তালিকায় শুধু বিহার বা ভারত নয়, পাকিস্তানের অতিথিরাও থাকছেন বলে খবর।
বিয়ের প্যান্ডেল বাঁধার জন্য উত্তরপ্রদেশের মৌ থেকে আনা হয়েছে ডেকরেটার্সদের। পাশাপাশি ঘোড়দৌড়ের জন্য আলাদা মাঠও প্রস্তুত করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া এসে পৌঁছবে। অনন্ত সিং জানিয়েছেন, ঘোড়দৌড়ে যিনি প্রথম হবেন, তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি মহিন্দ্রা থর। দ্বিতীয় স্থানাধিকারী পাবেন একটি মোটরবাইক। তবে পরিবেশের কথা মাথায় রেখে বিয়েতে কোনও বাজি পোড়ানো হবে না বলেও জানিয়েছেন তিনি।
নিমন্ত্রিতদের তালিকায় কারা?
অনন্ত সিংয়ের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিয়েতে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে তাঁর। রাজনৈতিক অতিথিদের তালিকায় রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এবং বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। এ ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে অভিনেতা সোনু সুদ, লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুর, সাংসদ তথা গায়ক মনোজ তিওয়ারি, ভোজপুরি তারকা পবন সিং এবং অভিনেত্রী অক্ষরা সিংকে। বলিউডের আরও কয়েকজন ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁদের মধ্যে কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। বিয়ের অনুষ্ঠানে ভোজপুরি, মগহি এবং মুম্বইয়ের শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
এদিকে, বিয়ের আয়োজন মিটতে না মিটতেই জেলে যেতে হবে অনন্তকে। কারণ, আদালতের নির্দেশে আগামী ১ ডিসেম্বর দুলারচাঁদ যাদব হত্যা মামলায় আত্মসমর্পণ করার কথা অনন্ত সিংয়ের। অর্থাৎ, বিয়ের অনুষ্ঠানের মাত্র ছ’দিন পরই তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। ২০২৫ সালের অক্টোবর মাসে মকামায় এক বিরোধী প্রার্থীর হয়ে প্রচার চালানোর সময় খুন হন দুলারচাঁদ যাদব। সেই খুনের ঘটনায় অনন্ত সিংয়ের বিরুদ্ধে হত্যার ছক কষার অভিযোগ রয়েছে। জেলে যেতে হয়েছিল তাঁকে। তবে, মার্চ মাসে তাঁকে জামিন দেয় পটনা হাইকোর্ট। যদিও তা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ১ ডিসেম্বর আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। সম্প্রতি তাঁকে জনতা দল ইউনাইটেড (JDU) থেকে বহিষ্কার করা হয়েছে।