Cyberattacks in Europe: ইউরোপের দেশগুলিতে একের পর এক সাইবার হানা কেন? 'নেট প্র্যাকটিস' করছে হ্যাকাররা? | Europe Under Cyberattack: Hackers Target Supermarkets, Blood Banks and Flights - 24 Ghanta Bangla News
Home

Cyberattacks in Europe: ইউরোপের দেশগুলিতে একের পর এক সাইবার হানা কেন? ‘নেট প্র্যাকটিস’ করছে হ্যাকাররা? | Europe Under Cyberattack: Hackers Target Supermarkets, Blood Banks and Flights

Spread the love

ফ্রান্সের সুপার মার্কেটে ফ্রিজের তাপমাত্রা মাইনাস থেকে আচমকা বেড়ে ৫০ ডিগ্রি। গত ১২ অক্টোবরের এই ঘটনায় নষ্ট হয়ে যায় টন টন খাবার। আবার কয়েকদিন আগে ইউরোপের ১১ দেশে একসঙ্গে ফের সুপারমার্কেটের রেফ্রিজারেশন সিস্টেমে আঘাত হানে হ্যাকাররা। একই কায়দায় ফ্রিজগুলোর ডি-ফ্রস্ট মোড অন করে দেওয়া হয়। আবার খাবার নষ্ট, আতঙ্ক। এরপর আশঙ্কা তৈরি হয় হাসপাতাল নিয়ে। ওষুধের কারখানা বা ওষুধের স্টোরেজগুলোয় যদি আচমকা এরকমভাবে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কী কেলেঙ্কারি হতে পারে। সেই আশঙ্কা বাস্তবে পরিণত হয়েছে। বরং আরও খারাপ হয়েছে। হ্যাকারদের টার্গেটে এবার ব্লাড ব্যাঙ্ক। ফ্রান্সে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের কুলিং সিস্টেম হ্যাক করে হ্যাকাররা। রক্ত রাখার কোল্ড স্টোরেজগুলোর তাপমাত্রা মাইনাস তিরিশ থেকে একলাফে বাড়িয়ে ১১০ ডিগ্রি সেলসিয়াস করে দেয় তারা।

হ্যাকারদের এই নৃশংস কাণ্ডে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। হাজার হাজার মানুষকে প্রাণ সংশয়ের দিকে ঠেলে দেওয়ার কী ঘৃণ্য খেলা। এক্ষেত্রে অবশ্য ফরাসি প্রশাসন জানিয়েছে, তাপমাত্রা আচমকা বেড়ে যাওয়ায় অ্যালার্ম বাজতে শুরু করে। সঙ্গে সঙ্গে ব্লাড ব্যাঙ্কের কর্মীরা পদক্ষেপ করেন। কোনও রক্ত বা প্লাজমা নষ্ট হয়নি। প্রশ্ন উঠছে, এবার না হলেও হতে কতক্ষণ।

আবার গত সপ্তাহেই ইউরোপের প্রায় দশটা দেশে যাবতীয় ফ্লাইট শিডিউল ঘেঁটে একষা হয়ে যায়। ইটালি, স্পেন, পোল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, চেকিয়ার মতো বিভিন্ন দেশে প্লেনে বোমা রাখা আছে বলে হুমকি ফোন, মেল আসে। উড়ন্ত প্লেনগুলোকে গন্তব্যে পৌঁছনোর আগে কাছাকাছি বিমানবন্দরে নামিয়ে সব চেক করতে হয়। বোমা কোথাও পাওয়া যায়নি। কিন্তু, যাত্রী আর এয়ারলাইন্সগুলোকে উদ্বেগে কাটাতে হয় কয়েক ঘণ্টা।

প্রশ্ন উঠছে, কেন এসব হচ্ছে? সত্যিই যদি বোমা থাকত তাহলে এই দেশগুলোর প্রিপারেশন কীরকম, এসব কেউ দূর থেকে সবার চোখের আড়ালে বসে চেক করে নিচ্ছে না তো? সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে পড়ে গেলে প্রশাসন কী করছে, সেসব কেউ দেখে নিচ্ছে না তো? এগুলো সব আগাম স্টাডি করে রেখে পরে আসল খেলা শুরু হবে না তো? কিছু প্রমাণ না হলেও ইউরোপের দেশগুলো মনে করছে যে এই সাইবার হানা, আতঙ্ক ছড়ানোর পিছনে রাশিয়া ও চিনের হাত আছে। খাবার, রক্ত নষ্ট করে সরকার-বিরোধী জনরোষে উস্কানি দেওয়ার চেষ্টা। অনেকে আবার বলছেন যে হ্যাকাররা নেট প্র্যাকটিস করছে। আসল ম্যাচ এরপর হবে। কী হতে চলেছে, তা অবশ্য কেউই আঁচ করতে পারছেন না। ফলে উদ্বেগ থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *