BAPS Swaminarayan Mandir: স্বামীনারায়ণ মন্দিরে উদযাপিত হল অন্নকূট ও গোবর্ধন পূজা | BAPS Swaminarayan Mandir celebrates Annakut utsav and Gobardhan Puja - 24 Ghanta Bangla News
Home

BAPS Swaminarayan Mandir: স্বামীনারায়ণ মন্দিরে উদযাপিত হল অন্নকূট ও গোবর্ধন পূজা | BAPS Swaminarayan Mandir celebrates Annakut utsav and Gobardhan Puja

Spread the love

নয়া দিল্লি: স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরে মঙ্গলবার উদযাপিত হল অন্নকূট উৎসব ও গোবর্ধন পূজা। শ্রদ্ধা, ভক্তি ও উল্লাসের সঙ্গে উদযাপিত হল সেই উৎসব। এদিন ভগবানের সামনে ১,২৫৬টি শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ ব্যঞ্জন দিয়ে অন্নকূট ভোগ নিবেদন করা হয়।

অন্নকূটের অর্থ হল “অন্ন বা খাদ্যের পর্বত”। এই উৎসবটি ঈশ্বর প্রদত্ত অন্ন, দ্রব্যাদি, ধনসম্পদ ইত্যাদি প্রাপ্তির জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। একইসঙ্গে উত্তর-পশ্চিম ভারতের একাধিক রাজ্যে আজকের দিনটি থেকেই নতুন বছরেরও সূচনা হয়।

উৎসবের সূচনা হয় সকাল ১১টায় বৈদিক ষোড়শোপচার পদ্ধতিতে শ্রী গোবর্ধন পূজার মাধ্যমে। মন্দির প্রাঙ্গণেই গোবর্ধন পর্বতের একটি প্রতিকৃতি তৈরি করা হয়েছিল, যার মধ্যে গোবর্ধন পর্বতের শিলা ও মাটিও অন্তর্ভুক্ত ছিল। পূজা সম্পন্ন হওয়ার পর দুপুর ১২টায় ভক্তদের অন্নকূট দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয়। দেশ-বিদেশ থেকে আসা হাজার হাজার ভক্ত সেই উৎসবে মেতে ওঠেন।

এই অন্নকূট ভোগের মধ্যে ছিল ঘিভর, লাড্ডু, প্যাড়া ও হালুয়ার মতো ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি, সেভ-মঠরির মতো নোনতা খাবার, রকমারি সবজি, ডাল, চালের তৈরি পদ, ফলমূল, বিভিন্ন ধরনের পানীয় ও আধুনিক বেকারি পণ্য। প্রতিটি খাবার অত্যন্ত শৈল্পিকভাবে সাজানো হয়েছিল।

এই উপলক্ষে দিল্লি অক্ষরধামের প্রধান কার্যনির্বাহী সন্ত মুনিবৎসল দাস স্বামীজি বলেন, “ভগবান স্বামীনারায়ণের সময় থেকে চলে আসা দিব্য ঐতিহ্য বজায় রেখে বিএপিএস (BAPS) স্বামীনারায়ণ সংস্থা বিশ্ব জুড়ে ১,৮০০-রও বেশি মন্দিরে বিপুল ভক্তি ও ঐক্যের সঙ্গে অন্নকূট উদযাপন করে। এটি শত শত স্বেচ্ছাসেবকের অক্লান্ত সেবা এবং ভক্তিময় সামাজিক জীবনের প্রতীকমাত্র।”

পরম পূজ্য মহন্তস্বামী মহারাজ তাঁর বার্তায় সকল অনুগামীদের নববর্ষের শুভেচ্ছা জানান এবং তনু, মন ও ধনে সুখী থাকার আশীর্বাদ দেন। সেইসঙ্গে তিনি প্রার্থনা করেন যে, ইষ্টনিষ্ঠা, গুরুনিষ্ঠা, সিদ্ধান্তনিষ্ঠা, ধর্মনিষ্ঠা ও একনিষ্ঠার পঞ্চামৃত দিয়ে সকলের জীবন যেন ধন্য হয়।

এই অনুষ্ঠান উপলক্ষে সমগ্র মন্দির প্রাঙ্গণ রঙ-বেরঙের আলপনা (রংগোলি), উজ্জ্বল প্রদীপ এবং ফুল-তোরণ দিয়ে সাজানো হয়েছিল। দর্শন লাভের জন্য গভীর সন্ধ্যা পর্যন্ত ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *