Agnimitra Paul: সাপ-কচ্ছপের জন্য ব্যবস্থা, রবীন্দ্র সরোবর নিয়ে বড় পরিকল্পনা অগ্নিমিত্রার | Agnimitra Paul says she is taking initiative to keep snakes in Rabindra Sarovar
কলকাতা: রবীন্দ্র সরোবরের (Rabindra Sarovar) জল পরিষ্কার করে পানের যোগ্য করে তোলার কথা আগেই বলেছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পরবর্তীতে ওই লেকে ছটপুজো করার কথা বললেই, পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এবার দক্ষিণ কলকাতার ওই লেক নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন অগ্নিমিত্রা।
তিনি জানিয়েছেন, রবীন্দ্র সরোবর সাজানোর জন্য পরিবেশ দফতর ও মৎস্য দফতরের সঙ্গে কথা বলছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, শীতকালে অনেক মাছ মরে যায়। সে ব্যাপারে বিশেষজ্ঞদের ডেকে কথা বলেছেন তিনি। জানতে পেরেছেন জলের তলায় থাকা অ্যালগির জন্য মাছের মৃত্যু হয়ে থাকতে পারে। সেই কারণে এক বিশেষ মাছ ‘গ্রাস কাপ’ ছাড়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এছাড়া হবে প্রজাপতি গার্ডেন। প্রজাপতিরা কোন ফুলের মধু খায়, সেটা জেনে সেই গাছগুলি লাগানো হবে। অন্যদিকে, সরোবরের মধ্যে থাকা কচ্ছপ ও সাপ রাখার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা।
পাশাপাশি রবীন্দ্র সরোবরের মাঝে থাকা আইল্যান্ডটাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা। এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে পরিযায়ী পাখি আসে। বানানো হচ্ছে ফেন্সিং। ফলের গাছ লাগিয়ে পাখি বসার ব্যবস্থাও করা হচ্ছে।
এদিকে, ছটপুজোর জন্য কৃত্রিম লেকের ব্যবস্থার কথা জানিয়েছেন মন্ত্রী। শুধুমাত্র দক্ষিণ কলকাতাতেই ৫০টি লেক রাখা হয়েছে, যেখানে ছটপুজো হবে।