‘নির্লজ্জ কোথাকার, সীতা মারপিট করছে…?’ ‘রামায়ণ’-এ সাই পল্লবীকে দেখে তীব্র কটাক্ষ মুকেশের
মুক্তির আগে থেকেই ‘রামায়ণ’ নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। পৌরাণিক কাহিনি পর্দায় ফুটিয়ে তোলা যে খুব সহজ নয়, এ কথা জেনেই অভিনয়ে রাজি হয়েছিলেন সিনেমার তারকারাও। প্রতিটা চরিত্রের পর্দায় উপস্থাপনাও যে চ্যালেঞ্জের ছিল, এ কথা বলাই যায়। তবে রাম, রাবণের চরিত্রের প্রশংসা হলেও, সীতার চরিত্র ঘিরে রয়েছে নানা মুনির নানা মত। এ বার, সীতা বেশে সাই পল্লবীকে অ্যাকশন করতে দেখেও ক্ষোভপ্রকাশ অভিনেতা মুকেশ খান্নার।
নেটদুনিয়ার একাংশের বক্তব্য, ‘রামায়ণ’-এ কখনও যোদ্ধা হিসেবে সীতাকে দেখা যায়নি। অনেকেই বলেছেন, এক্সপেরিমেন্ট করতে গিয়ে সমস্ত কিছু ভুলে গিয়েছেন পরিচালক? যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মুকেশ খান্নাও। তাঁর কথায়, ‘ভাবতে পারছেন, মা সীতা এখানে ঝাঁসির রানির মতো কিংবা বর্তমান প্রজন্মের নায়িকাদের মতো মারপিট করছেন। আমি বাল্মিকীর রামায়ণ পড়েছি। ওখানে কোথাও লেখা নেই যে সীতা যুদ্ধ করছেন। তার মধ্যে সেবা-ভাব ছিল। উনি যোদ্ধা ছিলেন না। উনি যদি নিজের যোদ্ধা হতেন, তা হলে রাবণের সঙ্গে মারপিট করতেন। রাবণ কী করে তা হলে সীতাকে হরণ করতে পারল?’
সিনেমা মুক্তির পরে এই বিষয় নিয়ে নানা চর্চায় নীতেশ বলেন, ‘যোদ্ধার রূপও রয়েছে সীতার মধ্যে। একজন যোদ্ধা রাজকন্যা হিসেবে তুলে ধরা হয়েছে। তাই অন্যরকমের দেখাচ্ছে একেবারে।’ যদিও নির্মাতাদের কটাক্ষ করতে ছাড়েননি মুকেশ। তাঁর কথায়, ‘প্রযোজকের দাবি শুনে অবাক হয়ে গিয়েছিলাম। বাল্মীকির রামায়ণ থেকে এই দৃশ্যটি নেওয়াই হয়নি। কোথা থেকে সীতার মারপিটের দৃশ্য নিয়েছে। রামায়ণ তো একটাই, যেটা বাল্মিকীজি লিখেছিলেন। এটা উনি করলেন কী করে, আমার জানা নেই।’