গুলির জবাব গুলিতেই, দাবি মেটায় খুশি নেট-নাগরিকরা - 24 Ghanta Bangla News
Home

গুলির জবাব গুলিতেই, দাবি মেটায় খুশি নেট-নাগরিকরা

Spread the love

এই সময়, রায়গঞ্জ: ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’ করার দাবিতে সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন রায়গঞ্জের সাধারণ মানুষ। সোমবার ভোরে মূল অভিযুক্ত দিলীপ রায়ের এনকাউন্টারে নিহত হওয়ার ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা শহরে। সোশ্যাল মিডিয়ায় রায়গঞ্জ পুলিশ জেলার কর্মীদের কুর্নিশ জানিয়ে পোস্ট করতে শুরু করেন নেটিজেনরা। জেলা পুলিশের এই এনকাউন্টারের ঘটনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবী, এবারে অপরাধীদের মনে ভয় সঞ্চার হবে এবং অপরাধ কমবে।

রায়গঞ্জের বাসিন্দা পেশায় শিক্ষক প্রাঞ্জল নন্দী পোস্ট করেন, ‘জমার আগেই খরচা, আচ্ছা লাগা। ধন্যবাদ, রায়গঞ্জ পুলিশ প্রশাসন।’ সরকারি কর্মী রুপাই শ্যাম লেখেন, ‘সকালে মুডটা ভালো করে দিল রায়গঞ্জ জেলা পুলিশ।’ শিক্ষক মৃণালকান্তি সিংহ লিখেছেন, ‘গতকাল ছিল শক্তির আরাধনার রাত। পুলিশ যেটা করেছে তাতে আমি খুব খুশি হয়েছি।’

গৃহবধূ রিমি পোস্ট, সরকারের ‘নারীর নিরাপত্তা ও ন্যায় বিচারের প্রশ্নে কোনও আপোষ নয়।’ অন্যদিকে, বেসরকারি সংস্থার কর্মী নম্রতা বলের পোস্টে লেখা হয়েছে, ‘সকাল সকাল মনটা শান্তি পেল। এটাই চেয়েছিলাম।’ তরুণী ব্রতীতা সাহার বক্তব্য, ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন।’

জেলার বিশিষ্ট সমাজকর্মী কৌশিক ভট্টাচার্য বলেন, ‘মস্তিস্ক বিকৃতির কারণে কেউ অনিচ্ছাকৃত ভাবে অপরাধ করে, আবার অনেকে জেনেবুঝে করে। অভিযুক্ত এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে সেগুলো সালিশিতে মীমাংসা হয়ে গিয়েছে। সেই কারণে ওর মধ্যে ভয় ছিল না। ভেবেছিল এবারও বেঁচে যাবে। এক্ষেত্রে প্রকৃত দোষীকে চিহ্নিত করে এনকাউন্টারের মতো ঘটনা ঘটলে স্বাভাবিক ভাবে ওই মানসিকতার মানুষদের মধ্যে ভয়ের সঞ্চার হবে। তারা অপরাধ করতে দু’বার ভাববে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *