দেশে ফেরার প্রস্তুতি? দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে পাসপোর্ট চেয়ে আবেদন হাসিনার - 24 Ghanta Bangla News
Home

দেশে ফেরার প্রস্তুতি? দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে পাসপোর্ট চেয়ে আবেদন হাসিনার

Spread the love


ঢাকা: বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর এ বার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে আবেদন করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪…

ঢাকা: বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর এ বার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে আবেদন করলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করলেন তিনি বলে দাবি করা হয়েছে। বিষয়টি ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা লন্ডনের আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতেই নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানানো হয়েছে। আইনজীবীদের দাবি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার পুরনো পাসপোর্ট ও পরিচয়পত্র বাতিল করেছে। তাই নতুন করে নথি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-অগস্টে ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়। গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেয়। ফলে দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে বাংলাদেশে ফেরার সিদ্ধান্তে অনড় হাসিনা। আগামী ডিসেম্বর দেশে ফেরার কথা জানিয়েছেন বলেও দাবি করা হয়েছে। তাঁর বক্তব্য, বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত তিনি বদলাবেন না।

২০২৪ সালের ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন শেখ হাসিনা। তার পর থেকে তিনি ভারতে রয়েছেন। তাঁকে প্রত্যর্পণের জন্য একাধিক বার দিল্লির কাছে আবেদন জানিয়েছে ঢাকা। তবে ভারত এখনও তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেয়নি।

এ দিকে, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে কটাক্ষ করেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। বৃহস্পতিবার তিনি বিষয়টিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন। তাঁর বক্তব্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তাঁকে সেই প্রক্রিয়াতেই হস্তান্তর করতে হবে।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন শেষ পর্যন্ত কোন পথে এগোয়, এখন সে দিকেই নজর আন্তর্জাতিক রাজনৈতিক মহলের।

বারুইপুর, গাইঘাটের পর রায়গঞ্জ! ‘এনকাউন্টারে’ খতম নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্ত

উত্তরপ্রদেশে মুসলিম মুখ্যমন্ত্রী? ওয়াইসির স্বপ্নে জল ঢাললেন যোগী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *