Suvendu Adhikari on Encounter: ‘আমি তো শুনিনি!’, এনকাউন্টারের কথা শুনে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী | CM Suvendu Adhikari comments on Encounter in Raygunj
দিঘা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন দুটি ক্ষেত্রে পুলিশকে ছাড় দেওয়া হয়েছে। নেশা ও নারী নির্যাতন থেকে সমাজকে মুক্ত করতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে পুলিশকে। এবার নয়া সরকারের আমলে রাজ্যে চতুর্থ এনকাউন্টারের ঘটনায় ফের একবার বার্তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার দিঘায় সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন, “পুলিশকে মারলে কি পুলিশ রসগোল্লা খাওয়াবে?”
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশ যেমন এগোচ্ছে, পশ্চিমবঙ্গেও ছ’মাসের মধ্যে আমরা নানা স্তরে কাজ শুরু করেছি। নেশামুক্ত পশ্চিমবঙ্গ করতে গত সাত দিনে আমরা ব্যাপক অভিযান চালিয়ে নেশার র্যাকেট ভেঙেছি, নেশার সামগ্রী বাজেয়াপ্ত করেছি। পশ্চিমবঙ্গে বোনেদের, কন্যাদের ধর্ষণ এবং খুন করলে, অত্যাচার করলে তার জন্য পুলিশকে আমরা খোলা হাত দিয়ে রেখেছি। যা দরকার তাই করবেন, যা প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী তাই করবেন।”
সোমবার ভোরে রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে অভিযুক্তের। সূত্রের খবর, পুলিশকে দেখেই অভিযুক্ত বিহারের সীমানা দিয়ে পালানোর চেষ্টা করে। গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় লুকিয়ে ছিল দিলীপ। তাকে ধরতে গেলে পাল্টা পুলিশকে লক্ষ্য করে দিলীপ গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। সেইসময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। আর তাতেই অভিযুক্তের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, “কীভাবে এনকাউন্টার হয়েছে? আমি তো শুনিনি।” পরে বলেন, “পুলিশকে মারলে কি পুলিশ রসগোল্লা খাওয়াবে? পুলিশেরও তো বাঁচার অধিকার আছে। বন্দুক তো আর পকেটে রাখার জন্য দেওয়া হয়নি।”