Papiya Adhikari: ‘বড়রাই বলতেন…’, নিজের ‘বাজি ফাটানো’ মন্তব্য নিয়ে আবার কী বললেন পাপিয়া | BJP MLA Papiya Adhikari gives clarification after her comment on firecracker
কলকাতা: কালীপুজোর আগেই ভাইরাল হয় বিধায়ক পাপিয়া অধিকারীর (Papiya Adhikari) মন্তব্য। শহরের এক কালীপুজোর উদ্বোধনে গিয়ে তিনি মন্তব্য করেন, বাজি ফাটালে অসুখ-বিসুখ সেরে যায়। বিধায়কের এমন মন্তব্যে শোরগোল শুরু হয়ে যায় বিভিন্ন মহলে।
কালীপুজোর আগে বাজি নিয়ে কড়া নির্দেশিকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিযোগ জানানোর জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছিল। কালীপুজোর রাতে দেখা যায়, পুলিশের গাড়িতে চেপে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাচ্ছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাজি নিয়ন্ত্রণ করেছে প্রশাসন। আর এবার নিজের মন্তব্য নিয়ে মুখ খুললেন পাপিয়া।
কালীপুজোর অনুষ্ঠানে পাপিয়া বলেছিলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, বাজি তো হবে! বাজিটা হোক। বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখও চলে যায়।” এবার সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে টলিগঞ্জের বিধায়ক বলেন, “আগে বড়রা বলতেন এগুলো হয়। আসলে এটা প্রদীপের উৎসব। প্রদীপ জ্বালালে সমাজের অন্ধকার দূর হয়। যজ্ঞ হলে, প্রদীপ জ্বালানো হলে অনেক খারাপ কিছু চলে যায়।”
নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন পাপিয়া। তিনি বলেন, “এখন বাজির যুগ। বিজ্ঞান এত এগিয়ে গিয়েছে যে, এই কথাগুলো আর ঠিক নয়। আমার কথায় আঘাত লাগলে ক্ষমা চাইছি। আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি।”
অন্যদিকে, শব্দবাজি নিয়ে অভিযোগ উঠেছে শুনেই সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “কমিউনিস্টরা করছে।” তাঁর বক্তব্য, রাত ১০ টার পর কিছু বাজি ফেটেছে ঠিকই, তবে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থাও নিয়েছে। ৩-৪টি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানেও তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।