Mushfiqur Rahim: ৭০০০-এর ঘরে মুশফিকুর, নজির গড়লেন বাংলাদেশি ব্যাটার | Mushfiqur Rahim Becomes First Bangladeshi To Score 7000 Test Runs - 24 Ghanta Bangla News
Home

Mushfiqur Rahim: ৭০০০-এর ঘরে মুশফিকুর, নজির গড়লেন বাংলাদেশি ব্যাটার | Mushfiqur Rahim Becomes First Bangladeshi To Score 7000 Test Runs

Spread the love

সিলেট: বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের অভিজ্ঞ কিপার-ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৭০০০ রানের মাইলফলক পূর্ণ করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্টের শেষ দিনে এই নজির গড়লেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। রস্টন চেজের বলে ১ রান নিয়ে ব্যক্তিগত ৯ রানে পৌঁছতেই টেস্ট ক্রিকেটে ৭০০০ রানের গন্ডি পেরিয়ে যান মুশফিকুর।

তবে ঐতিহাসিক এই মুহূর্তে বিশেষ কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি মুশফিকুরের মধ্যে। সতীর্থরা ড্রেসিংরুম থেকে উঠে দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানালেই সতীর্থদের অভিবাদন গ্রহণ করেন এই অভিজ্ঞ ব্যাটার। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে একের পর এক নজির গড়েছেন তিনি। ২০২২ সালে প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে টেস্টে ৫০০০ রানের মাইলফলক পূর্ণ করেছেন তিনি। এরপর ২০২৪ সালে পৌঁছেছিলেন ৬০০০ রানে। এবার ৭০০০ রানের গণ্ডি পেরিয়ে নিজের রেকর্ডকেই আরও সমৃদ্ধ করলেন তিনি।

এই মুহূর্তে বাংলাদেশের জার্সিতে সবথেকে বেশি রান মুশফিকুরের। তাঁর পরেই রয়েছেন মোমিনুল হক। যদিও মোমিনুলের সংগ্রহ ৫২৯৩ রান। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবাল রয়েছেন তৃতীয় স্থানে। শুধু রানের নিরিখেই নয়, শতরানের নিরিখেও বাংলাদেশের হয়ে এক নম্বরে মুশফিকুর। টেস্টে ১৪টি সেঞ্চুরি করেছেন তিনি। টেস্টে তাঁর সর্বোচ্চ ২১৯ নট আউট। মোমিনুল করেছেন ১৩টি সেঞ্চুরি ও তামিম করেছেন ১০টি সেঞ্চুরি।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন মুশফিকুর। দীর্ঘ কেরিয়ারে তিনি বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার হয়ে উঠেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটি তাঁর ১০৭ নং ম্যাচ ছিল। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের জার্সিতে ১০০টি টেস্ট ম্যাচ খেলার নজির গড়েছেন তিনি। শুধু টেস্ট ক্রিকেট নয়, সীমিত ওভারের ক্রিকেটেও বাংলাদেশের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুশফিকুর। ওডিআই ক্রিকেটে তাঁর সংগ্রহ ৬৬৯৭ রান। অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪৯৫ রান করেছেন তিনি, যদিও বর্তমানে দুই ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন এই ব্যাটার। কিন্তু বাংলাদেশের হয়ে আরও একবার নিজের অবদান প্রমাণ করলেন এই অভিজ্ঞ ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *