Buxa Tigress: ফিরিয়ে আনা হয়েছিল অসম থেকে, এক সপ্তাহ গেল না, এবার সুড়ঙ্গে খুঁড়ে বক্সার ছেড়ে পালাল বাঘিনি | Tigress Escapes From Buxa Forest Again, Red Alert Issued Across the Area - 24 Ghanta Bangla News
Home

Buxa Tigress: ফিরিয়ে আনা হয়েছিল অসম থেকে, এক সপ্তাহ গেল না, এবার সুড়ঙ্গে খুঁড়ে বক্সার ছেড়ে পালাল বাঘিনি | Tigress Escapes From Buxa Forest Again, Red Alert Issued Across the Area

Spread the love

বক্সার: বক্সার জঙ্গল থেকে ফের পালাল বাঘিনি (Tigress)। দিন কয়েক আগেই তোড়জোড় করে অসম থেকে ফিরিয়ে আনা হয়েছিল ‘ডুয়ার্সের রানি’-কে। কিন্ত, পাঁচদিন যেতে না যেতেই ফের নজরদারি এড়িয়ে বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল ওই বাঘিনি (Buxar Tigress)। ইতিমধ্যেই বাঘিনির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

ঘটনার সূত্রপাত ২৭ সেপ্টেম্বর। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে তিন বছর বয়সি বাঘিনীকে কাবু করা হয়। এরপর নিয়ে আসা হয় বক্সারে। উত্তরবঙ্গে বাঘের সংখ্যা বৃদ্ধি এবং বক্সার জঙ্গলে বাঘের স্থায়ী বসতি গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর বক্সা টাইগার রিজার্ভের ২৫ মাইল এলাকায় প্রায় সাত বিঘা জমির উপর তৈরি বিশেষ এনক্লোজারে তাকে রাখা হয়। কিন্তু, ৪ অক্টোবর সেখান থেকে পালিয়ে যায় বাঘিনী। সংকোশ নদী পেরিয়ে পৌঁছে যায় অসমের রাইমোনা বনাঞ্চলে।

প্রথমদিকে বাঘিনীর স্বাভাবিক বিচরণে বাধা দিতে চায়নি বন দফতর। কিন্তু পরবর্তী সময়ে লোকালয়ের কাছাকাছি তার উপস্থিতি এবং গৃহপালিত পশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বাঘিনীকে ফিরিয়ে আনতে নিজে অসমে যান বন মন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। শেষ পর্যন্ত ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় জেলার ডটমা এলাকার গিলাগুড়িতে পশ্চিমবঙ্গ ও অসমের বন দফতরের যৌথ অভিযানে তিনটি কুনকি হাতির সাহায্যে ওই বাঘিনীকে ঘিরে ফেলা হয়। প্রায় দু’ঘণ্টার অভিযানের পর ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয় বাঘিনীকে। এরপর বক্সায় ফিরিয়ে এনে পুনরায় এনক্লোজারে রাখা হয়। কিন্তু রবিবার দুপুরে ফের সেই এনক্লোজার থেকে পালিয়ে যায় ‘ডুয়ার্সের রানি’।

কিন্তু, বারবার এই পালিয়ে যাওয়ার কারণ কী? বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, বিহারের পরিচিত পরিবেশ ছেড়ে নতুন জঙ্গলে এনে কৃত্রিম এনক্লোজারে রাখা এবং বারবার ফিরিয়ে আনার এই প্রক্রিয়া কি বাঘিনীর চলে যাওয়ার অন্যতম কারণ? লোহার জালের বেড়া টপকে কীভাবেই বা পালাল বাঘিনী, তা নিয়েও প্রশ্ন উঠছে।

ঘটনা নিয়ে রাজ্যের প্রধান মুখ্য বনপাল রাজেশ কুমার জানিয়েছেন,বিষয়টি নিয়ে বনমন্ত্রী যা বলার বলবেন। অন্যদিকে, মন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, আধিকারিকরা বিষয়টি দেখছেন, তিনি এ নিয়ে এখনই কিছু বলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *