Big Tech CEO Affairs: কোটি কোটি টাকার সাম্রাজ্য, অথচ ব্যক্তিগত জীবনে বিতর্ক! Big Tech-র কোন কর্তা কী হারিয়েছেন? | Big Tech Affairs: Who got caught, who paid billions and who stayed clean? - 24 Ghanta Bangla News
Home

Big Tech CEO Affairs: কোটি কোটি টাকার সাম্রাজ্য, অথচ ব্যক্তিগত জীবনে বিতর্ক! Big Tech-র কোন কর্তা কী হারিয়েছেন? | Big Tech Affairs: Who got caught, who paid billions and who stayed clean?

Spread the love

ব্যক্তিগত জীবনে বিতর্কে জড়িয়েছেন যে সব টেক কর্তারাImage Credit: NEWS9

ওয়াশিংটন: ট্রিলিয়ন ডলারের ব্যবসা গড়তে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্পর্কে আগাম পূর্বাভাস দিতে পারেন সিলিকন ভ্যালির প্রযুক্তি দুনিয়ার কর্তারা। কিন্তু মাঝেমধ্যেই তাঁরা হোঁচট খান জীবনের আরও সাধারণ একটি বিষয়ে—ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে। Nvidia-র সিইও জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার এবং তাঁকে ঘিরে চিনা গোয়েন্দা সংক্রান্ত বিতর্ক ফের Big Tech-এর প্রভাবশালী কর্তাদের ব্যক্তিগত আচরণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

গত কয়েক বছরে একাধিক প্রযুক্তি সংস্থার শীর্ষকর্তার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক, বিপুল অঙ্কের বিবাহবিচ্ছেদের ক্ষতিপূরণ এবং কর্মক্ষেত্রে সম্পর্ক নিয়ে তদন্তের ঘটনা প্রকাশ্যে এসেছে। কেউ হারিয়েছেন নিজের পদ, কেউ বিবাহবিচ্ছেদের নিষ্পত্তিতে ছেড়েছেন কোটি কোটি ডলারের সম্পত্তি। আবার কেউ কেউ সমস্ত বিতর্কের পরেও সংস্থার শীর্ষপদে বহাল রয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক, কোন প্রযুক্তি কর্তার জীবনে কী ঘটেছিল।

২০১৪: অ্যান্ড্রয়েডের স্রষ্টা অ্যান্ডি রুবিন-

২০১৪ সালে গুগল ছেড়ে দেন অ্যান্ডি রুবিন। এক কর্মীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে যৌন অসদাচরণের অভিযোগ উঠেছিল। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, গুগল তাঁকে সংস্থা ছাড়ার জন্য ৯ কোটি ডলারের প্যাকেজ অনুমোদন করেছিল। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৯২ কোটি টাকা। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অসদাচরণের অভিযোগ অস্বীকার করেছিলেন রুবিন। ২০১৮ সালে এই ঘটনার বিস্তারিত প্রকাশ্যে আসার পর কর্মক্ষেত্রে অভিযোগ সামলানোর ক্ষেত্রে গুগলের ভূমিকা নিয়ে সংস্থার কর্মীদের মধ্যে বিক্ষোভ শুরু হয়।

২০১৮: ইন্টেলের সিইও ব্রায়ান ক্রজানিচ-

কর্মীর সঙ্গে অতীতে পারস্পরিক সম্মতিতে তৈরি হওয়া একটি সম্পর্কের কথা তদন্তে উঠে আসে। ইন্টেলের নীতি অনুযায়ী, এই ধরনের সম্পর্ক সংস্থার নিয়মের পরিপন্থী ছিল। এরপরই সিইও-র পদ থেকে ইস্তফা দেন ব্রায়ান ক্রজানিচ। এর ফলে ইন্টেলের সিইও হিসেবে তাঁর পাঁচ বছরের মেয়াদের অবসান ঘটে। সংস্থার নথিতে তাঁর বিদায়ের সময় সম্ভাব্য ৩.৮ কোটি ডলারের প্যাকেজের উল্লেখ ছিল। যদিও তিনি আদৌ সেই অর্থ পেয়েছিলেন কি না, তা নিশ্চিত করেনি ইন্টেল।

২০১৯: অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস-

টেলিভিশন সঞ্চালক লরেন স্যাঞ্চেজের সঙ্গে জেফ বেজোসের সম্পর্ক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে। সেই সময় ম্যাকেঞ্জি বেজোসের সঙ্গে তাঁর ২৫ বছরের দাম্পত্য জীবনেরও অবসান ঘটে। বিবাহবিচ্ছেদের নিষ্পত্তিতে ম্যাকেঞ্জি বেজোসের হাতে অ্যামাজনের প্রায় ৩৮৩০ কোটি ডলারের শেয়ার তুলে দেওয়া হয়। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার কোটি টাকা। তবে এর পরও অ্যামাজনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রেখেছিলেন জেফ বেজোস। ২০২১ সাল পর্যন্ত তিনি সংস্থার সিইও পদে ছিলেন।

২০২১: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস-

মাইক্রোসফটের এক কর্মীর সঙ্গে অতীতে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার কথা স্বীকার করেছিলেন বিল গেটস। সম্পর্কটি কয়েক বছর আগের হলেও, বিষয়টি নিয়ে মাইক্রোসফট তদন্ত শুরু করেছিল। ২০২০ সালে সংস্থার বোর্ড থেকে সরে দাঁড়ান তিনি। এর পর ২০২১ সালে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তবে তাঁদের মধ্যে আর্থিক নিষ্পত্তির সম্পূর্ণ বিবরণ প্রকাশ্যে আসেনি।

২০২২: টেসলা ও স্পেসএক্সের CEO ইলন মাস্ক-

ইলন মাস্কের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একাধিকবার সংবাদমাধ্যমে চর্চা হয়েছে। প্রাক্তন স্ত্রী জাস্টিন উইলসন, সংগীতশিল্পী গ্রাইমস এবং নিউরালিঙ্কের এগজিকিউটিভ শিভন জিলিসের সঙ্গে তাঁর সন্তান রয়েছে। ২০২২ সালে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মাস্ক। যদিও মাস্ক ও শানাহান দু’জনেই এই দাবি অস্বীকার করেন। এই অভিযোগের জেরে অবশ্য মাস্ককে টেসলা বা স্পেসএক্সের কোনও শীর্ষপদ ছাড়তে হয়নি।

২০২৬: এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং- 

গতকাল (৮ নভেম্বর) স্ত্রীকে ঠকানোর কথা স্বীকার করেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। মেগাস্পিড নামে এনভিডিয়ার এক গ্রাহক সংস্থার প্রাক্তন এগজিকিউটিভ অ্যালিস হুয়াংকে ঘিরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পর এই স্বীকারোক্তি সামনে আসে।

এদিকে, বিদেশি গোয়েন্দা সংস্থার অপারেশন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে একটি স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়া। সংস্থার বোর্ড জানিয়েছে, তাদের কাছে এমন কোনও কারণ নেই, যার ভিত্তিতে মনে করা যায় যে সংস্থার গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। তবে এত বিতর্কের পরেও সিইও পদে বহাল রয়েছেন জেনসেন হুয়াং। তাঁর ক্ষেত্রে কোনও আর্থিক নিষ্পত্তির কথাও এখনও প্রকাশ্যে আসেনি।

জুকারবার্গ, পিচাই ও নাদেলার ক্ষেত্রে কী হয়েছে?

মেটার মার্ক জুকারবার্গ, গুগলের সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সত্য নাদেলাকে নিয়ে এ ধরনের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসেনি। জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান, পিচাইয়ের স্ত্রী অঞ্জলি পিচাই এবং নাদেলার স্ত্রী অনু নাদেলা। তাঁদের ব্যক্তিগত জীবন মূলত এ ধরনের বিতর্কের বাইরে থেকেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *