লকার থেকে মায়ের সোনা চুরি কিশোরের, ২৪ লক্ষ টাকার গয়না খোয়া যেতেই নড়ল টনক, তার পরে... - 24 Ghanta Bangla News
Home

লকার থেকে মায়ের সোনা চুরি কিশোরের, ২৪ লক্ষ টাকার গয়না খোয়া যেতেই নড়ল টনক, তার পরে…

Spread the love

বাড়ির আলমারিতে রাখা মায়ের বিপুল পরিমাণ সোনার গয়না। এক-দু’টি নয়, প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের ভরি-ভরি সোনার গয়না। ব্ল্যাকমেলিংয়ের জেরে মায়ের সেই গয়নাই সকলের অলক্ষ্যে হাতিয়ে নবম শ্রেণির পড়ুয়া তুলে দিচ্ছিল তিন যুবকের হাতে। অভিযোগ, ওই তিন যুবক কিশোরকে ভয় দেখায়। তাকে বলা হয়েছিল গয়না না দিলে কিশোর এবং তার বাবা-মাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, এমনকী প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছিল অভিযুক্তরা। কেরালার কোট্টায়ামের পাম্পাডিতে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তিন অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আনসাল মুহম্মদ, নিধিন নিশাদ এবং শেবিন আব্রাহাম। প্রত্যেকের বয়স ১৮ বছর। তারা পাম্পাডিরই বাসিন্দা। যে স্কুলে ওই কিশোর পড়ে, সেখানকারই প্রাক্তন ছাত্র অভিযুক্তেরা। একই টিউশন সেন্টারে যাতায়াতের সুবাদে তাদের সঙ্গে পরিচয় হয়েছিল পড়ুয়ার। সেই পরিচয় থেকেই প্রথমে বন্ধুত্ব, পরে শুরু হয় ভয় দেখিয়ে গয়না আদায়।

তদন্তকারীদের দাবি, চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে কিশোরকে হুমকি দিতে শুরু করে ওই তিন জন। তাকে বলা হয়েছিল, মায়ের গয়না-টাকা এনে না দিলে তাকে এবং তার বাবা-মাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি পরিবারের সদস্যদের খুনের হুমকিও দেওয়া হয়। এমন হুমকি শুনে ভয়ে বাড়ির আলমারি থেকে মায়ের সোনার গয়না বার করে কয়েক দফায় অভিযুক্তদের হাতে তুলে দেয় সে। চুড়ি, হার, নেকলেস, কানের দুল, আংটি ও ব্রেসলেট মিলিয়ে হাতানো গয়নার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।

সম্প্রতি লকারে রাখা সোনার গয়না পরীক্ষা করতে গিয়ে বেশ কিছু অলঙ্কার উধাও দেখে সন্দেহ হয় পরিবারের। তাঁরা পুলিশে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়েই ভয়ে সমস্ত ঘটনা বাবা-মাকে জানায় কিশোর। শুধু গয়না আদায় নয়, সম্প্রতি আরও টাকার জন্য নিজের সাইকেল বিক্রি করে সেই অর্থ অভিযুক্তদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ।

এর পরেই কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পাম্পাডি থানার পুলিশ। রবিবার তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। খোয়া যাওয়া গয়না বিক্রি করা হয়েছে কি না, কিংবা সেগুলি কোথায় রাখা হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। চলছে জেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *