‘বিয়ে নয়, পড়তে চাই!’ রাজস্থানে কুপ্রথা ‘আটা-সাটা’র বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তরুণীরা
ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য বোনের বলিদান দেওয়া বহু পুরোনো সামাজিক প্রথা রাজস্থানে। স্থানীয় ভাষায় এই প্রথাকে বলা হয় ‘আটা-সাটা’। এই প্রথায় এক পরিবারের মেয়ের বিয়ের বদলে অন্য পরিবার থেকে কনে আনা হয়। এক সংসারে অশান্তি বা বিচ্ছেদ হলে প্রভাব পড়ে অন্য মেয়ের জীবনেও। সম্প্রতি ১৯ বছরের তরুণী নিশা (নাম পরিবর্তিত) এই নিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিয়ে নয়, পড়াশোনা করতে চান। পরিবারের নির্যাতন সহ্য করেও জাতীয় মহিলা কমিশন ও যোধপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘সম্ভলি ট্রাস্ট’-এর হাত ধরে নিজের ভবিষ্যৎ গড়ে তুলছেন তিনি।
সংস্থার প্রতিষ্ঠাতা গোবিন্দ সিং রাঠোর জানিয়েছেন, বারমের, বিকানের ও যোধপুরে আজও ৯-১০ বছরের নাবালিকা বা ১৯ বছরের তরুণীদের ৫০-৬০ বছরের প্রৌঢ়দের সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়। এমনকী মধ্যস্থতাকারীরা ১০-১৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। সম্প্রতি রাজস্থান হাইকোর্ট এই প্রথাকে ‘মিউচুয়াল হোস্টেজ টেকিং’ বলে আখ্যা দিয়েছে।
গত ১৯ বছর ধরে এই ট্রাস্ট নারীদের আশ্রয় ও আইনি সহায়তা দিচ্ছে। শৈশবে চারবার বাড়ি ছেড়ে পালিয়ে আসা মনিকা যোধ আজ ৩৫ বছর বয়সে এই ট্রাস্টের মাধ্যমেই বহু নির্যাতিতাকে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন। এক বছরেই ট্রাস্ট ৯৫৬টি সাহায্য পেয়ে ১৮৮টি মামলার নিষ্পত্তি করেছে এবং ১৪ জন নির্যাতিতাকে নিরাপদ আশ্রয় দিয়েছে।