পটুয়াপাড়ায় অশান্তিতে চারটি মামলায় গ্রেপ্তার তৃণমূলের তিন
মমতা তৃণমূলের বক্তব্য, ধৃত তিন জনই তাদের কর্মী–সমর্থক। অভিষেকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। মমতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ রবিবার বলেন, ‘অভিষেকের বাড়িতে মধ্যরাতে যারা হামলা করল, তাদের গ্রেপ্তার করার বদলে তৃণমূলের যে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। অভিষেক এই হামলা নিয়ে প্রশ্ন তোলায় তাঁর বিরুদ্ধেও মামলা হলো— আজব ব্যাপার! পুলিশকে যে লোক চড় মেরেছে, তাকে কেন কোমরে দড়ি বেঁধে ঘোরানো হবে না?’ মমতা তৃণমূলের দাবি, অভিষেকের বাড়িতে হামলাকারীদের মধ্যে থেকেই একজন পুলিশকে চড় মেরেছে। যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। নন–ইস্যুকে ইস্যু করতে চাইছেন। এই সরকারের পুলিশ নিষ্ক্রিয় থাকবে না। পুলিশ তদন্ত করছে। পুলিশ এটাও তদন্ত করুক, ওখানে কত ডেসিবেলে গান চালিয়ে জন্মদিন পালন করা হচ্ছিল।’ অভিষেকের বাড়ির সামনে অশান্তি নিয়ে কালীঘাট থানায় যে চারটি মামলা রুজু হয়েছে, তার মধ্যে দু’টি মামলা স্বতঃপ্রণোদিত ভাবে করেছে পুলিশ। অভিষেকও বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পাল্টা বিজেপি কর্মীরাও অভিষেক ও অন্যদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে খবর। লালবাজার সূত্রে জানা যাচ্ছে, কালীঘাট থানার এসআই সৌভিক দাসের লিখিত অভিযোগের ভিত্তিতে সুয়ো–মোটো মামলা হয়েছে। মোট ৩০-৪০ জন অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে শনিবার মামলা রুজু করা হয়। এই মামলায় বেআইনি জমায়েত, বেআইনি জমায়েত থেকে অপরাধ ঘটানো, বলপ্রয়োগ, সরকারি কর্মীকে মারধর ও কর্তব্য পালনের সময়ে আক্রমণের অভিযোগ রয়েছে।