নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরেই ফিরবেন বাংলাদেশে?
আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বার নতুন দিল্লির বাংলাদেশি দূতাবাসে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেন তিনি। ২০২৪-এ ভারতে আশ্রয় নেওয়ার পরে এই প্রথম বার বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে যোগাযোগ করলেন তিনি।
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার হয়ে তাঁর আইনজীবীরা লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স মারফত দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতেই নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন জানানো হয়েছে। দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের পাসপোর্ট এবং পরিচয়পত্র বাতিল করে দিয়েছেন। এখন সেগুলি নতুন করে দেওয়া হোক।
বাংলাদেশে হাসিনার উপরে মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছে। গত বছরের নভেম্বরে তাঁকে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০২৪-এ ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে হাসিনার অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়। বাংলাদেশে পা রাখা মাত্র তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে অনুমান রাজনৈতিক মহলের একাংশের। তবে হাসিনা স্পষ্ট বলেছেন, ‘আমি বাংলাদেশে ফিরব। এই সিদ্ধান্ত বদলাবে না।’
২০২৪-এ ছাত্র আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন হাসিনা। সেই থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি। একাধিক বার তাঁকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা। তবে বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, হাসিনাকে ভারতীয় বিমান বাহিনী বা সেনা গিয়ে নয়াদিল্লিতে নিয়ে আসেনি। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বাংলাদেশ ছেড়ে চলে এসেছিলেন। তাই হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন কি না, গেলে কবে, সেটা তাঁর উপরেই ছেড়ে দিয়েছে নয়াদিল্লি।
তবে হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তাঁদের মতে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশে ফেরার পথে আরও এক ধাপ এগোলেন। এই নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি বর্তমানের তারেক রহমান সরকার। তবে গত বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর পাসপোর্টের বিষয়টি ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘উনি কি এখানে শ্বশুরবাড়িতে বেড়াতে আসবেন যে তাঁকে পাসপোর্ট দেব? বন্দি বিনিময় চুক্তি রয়েছে। তাঁকে হস্তান্তর করতে হবে।’