‘আমি আর পেরে উঠছি না’, NRS-এর ডাক্তারের শেষ হোয়াটসঅ্যাপ স্টেটাস ঘিরে রহস্য, কী বলছেন হস্টেল মালিকের মেয়ে?
নাগেরবাজারের একটি হস্টেল থেকে চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় বাড়ছে রহস্য। রবিবার সন্ধেয় ঝুলন্ত দেহ উদ্ধার হয় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়া অভিজিৎ সরকার (৩০)-এর। এই ঘটনার পিছনে মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, অভিজিতের শেষ হোয়াটসঅ্যাপ স্টেটাসও ভাবাচ্ছে তদন্তকারীদের। অভিজিৎ শেষবার তাঁর ফোনের হোয়াটসঅ্যাপ স্টেটাসে লিখেছিলেন, ‘আমি আর পেরে উঠছি না’। সব দিক খোলা রেখেই তদন্ত করছে নাগেরবাজার থানার পুলিশ।