দীপাবলিতে তারাপীঠে পুজো দিলেন রাশিয়ান ভক্তরা, প্রসাদ খেয়ে বললেন, ‘জয় মা তারা’
দীপান্বিতা অমাবস্যায় তারাপীঠে কালী রূপে পূজিত হন তারা। রবিবার সকাল থেকে ধুমধাম করে চলছে সেই পুজো। ঢল নেমেছে ভক্তদের। তার মধ্যেই সুদূর রাশিয়া থেকে তারাপীঠে পুজো দিতে এলেন রাশিয়ান ভক্তরা। শুধু পুজো দিলেন না, প্রসাদও খেলেন। দিলেন ‘জয় মা তারা’ ধ্বনিও। এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন অনেকেই।
২০২২ থেকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে। চার বছরের রক্তক্ষয়ী সংঘর্ষে বিধ্বস্ত দুই পক্ষই। তার মধ্যেই রাশিয়া থেকে এদিন মন্দিরে আসেন কালীভক্তের একটি দল। তাঁরাই ভক্তি ভরে পুজো দিলেন তারাপীঠে। রাশিয়ান ভক্তদের পুজো দেওয়ার বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিতে দেখা যাচ্ছে, গেঞ্জি-ট্রাউজার্সে মন্দিরে ঢুকলেন প্রায় ৭-৮ জনের একটি দল। ছিলেন বেশ কয়েক জন মহিলাও। তাঁদের পিঠে ব্যাগ, হাতে জবা ফুলের বড় মালা। পান্ডার সঙ্গে চত্বর পেরিয়ে মূল মন্দিরে যান তাঁরা। তারার চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করতেও দেখা যায় সবাইকে। পুজো শেষে প্রত্যেকের কপালে টিপ পরিয়ে দেন মন্দিরের সেবায়েত। হাতে তুলে দেন প্রসাদ।
পুজো দিয়ে বেরিয়ে ফের মন্দির চত্বরে জড়ো হন সবাই। হাসিমুখে দু’হাত তুলে ‘জয় মা তারা’, ‘গণপতি বাপ্পা মোরিয়া’ ধ্বনিও তোলেন তাঁরা। সমস্বরে বলেন, ‘হর হর মহাদেব’-ও। দেখলে কে বলবে, তাঁরা রাশিয়া থেকে এসেছেন। যেন দেবী কালী, দেবী তারার সঙ্গে তাঁদের আবাল্য পরিচয়।
এ দিন কালীপুজোয় মেতে উঠেছে বাংলা। চলছে পুজো, যজ্ঞ, আরতি। আর গোটা দেশ পালন করছে দীপাবলি। আলোর মালায় সেজেছে বাড়িঘর। এর মধ্যে বাঙালির শক্তি আরাধনার সংস্কৃতি যে রাশিয়ান ভক্তদের তারাপীঠে টেনে আনবে, তা কে জানত!