Kolkata: ছাদ থেকে অতিরিক্ত বাজি ফাটালেই সোজা ঘরে ঢুকছে টিম! যা করা হচ্ছে… কড়া রাজ্য | Kolkata Noise & Air Pollution: West Bengal Pollution Control Board Deploys 6 Mobile Teams
বাড়িতে হানা আধিকারিকদেরImage Credit: TV9 Bangla
কলকাতা: তিলোত্তমায় দূষণ রুখতে এবং শব্দাসুরকে দমনে এবার রাস্তায় নামল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষ ৬ মোবাইল টিম। কলকাতার রাস্তায় এবার এই দলগুলির নজিরবিহীন তৎপরতা চোখে পড়ল। কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা মিলিয়ে মোট ৬টি বিশেষ মোবাইল টিম এই মুহূর্তে সক্রিয় রয়েছে। সল্টলেক থেকে শুরু করে যাদবপুর— শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় চষে বেড়াচ্ছেন আধিকারিকরা।
হাতে সাউন্ড মিটার, চলছে বাজি পরীক্ষা:
কোনো রকম ঝুঁকি না নিয়ে, মোবাইল টিমের সদস্যদের হাতে দেখা গেছে আধুনিক ‘সাউন্ড মিটার’ যন্ত্র। নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ঘটনাস্থলেই বাজির শব্দের তীব্রতা (ডেসিবেল) পরিমাপ করছেন তারা। নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপের প্রস্তুতি রাখা হয়েছে।
বাড়ির ছাদে নজরদারি, সরাসরি হানা:
সল্টলেকে এই দূষণ নিয়ন্ত্রণ টিমের সাথে এক্সক্লুসিভভাবে উপস্থিত ছিল TV9 বাংলার প্রতিনিধি দল।
সেখানে দেখা যায়, সল্টলেকের কোনো বাড়ির ছাদ থেকে যদি অতিরিক্ত মাত্রায় বাজি ফাটানো বা আলোর রোশনাই দেখা যাচ্ছে, তবে মোবাইল টিমের সদস্যরা সরাসরি সেই বাড়িতে ঢুকে পড়ছেন। বহুতলে গিয়ে গৃহকর্তা ও বাসিন্দাদের ডেকে অবিলম্বে এই অতি-সক্রিয়তা বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং কড়া ভাষায় সতর্ক করা হচ্ছে।
রাত ১০টার পর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি:
প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, রাত ১০টা পর্যন্তই নিয়ম মেনে বাজি ফাটানোর ছাড়পত্র রয়েছে। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাত ১০টার পর যদি কোথাও সামান্যতম নিয়ম লঙ্ঘন বা অতিরিক্ত শব্দবাজি ফাটানোর খবর মেলে, তবে কোনো রকম রেয়াত করা হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সরাসরি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।