Cricket: নজরে জুনিয়র সহবাগ–দ্রাবিড়
আজ রবিবার ওমানের আল আমেরাতে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের গ্রুপ ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। যদিও দু’টিমের শেষ সাক্ষাতে যুব বিশ্বকাপের ম্যাচে জিতেছিল ভারত। সে ম্যাচে ছিলেন বৈভব সূর্যবংশী। এ বার ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি চর্চা টিম ইন্ডিয়ার দুই মহাতারকার ছেলে আর্যবীর সহবাগ ও অন্বয় দ্রাবিড়কে ঘিরে। নেপাল ম্যাচে ওপেন করতে অনেকটা বাবা বীরেন্দ্র সহবাগের স্টাইলেই ঝোড়ো ব্যাটে ৭০ রানের ইনিংস খেলেছেন আর্যবীর। অন্বয়ের ব্যাটিং স্টাইল আবার ঠিক বাবার মতো নয়। চালিয়ে খেলতেই দেখা যায় তাঁকে। ২০০৩ সালের বিশ্বকাপে রাহুল দ্রাবিড়কে উইকেটকিপার করে দেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন টিম। অন্বয় কিন্তু বিশেষজ্ঞ কিপার ও মিডল অর্ডার ব্যাটার হিসেবে এখন টিমে আছেন। ভারতের ক্যাপ্টেন লক্ষ্য রায়চন্দ প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন। আগামী দিনে তারকা হয়ে ওঠার মশলা তাঁর মধ্যেও রয়েছে বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট মহলের একাংশ। ১৮ রানে ৩ উইকেট নিয়ে জুনিয়র এশিয়া কাপের প্রথম ম্যাচের সেরা হওয়া পেসার ঈশান সুদের দিকেও আজ নজর থাকবে।