স্কুবা ডাইভিংয়ের ট্রেনিং নিচ্ছে ‘পর্যটক’ জঙ্গিরা?
বহুদিনের চেষ্টা
করাচি থেকে জলপথে এসে মুম্বইয়ে হামলা চালিয়েছিল আজমল আমির কাসভ এবং তার দলবল। গোয়েন্দাদের অনুমান, সেই জলপথকেই আবার নতুন করে কাজে লাগাতে চাইছে লস্কর। বছরখানেক আগে লস্কর বা জৈশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলির অপারেশনের রাশ সরাসরি তাদের হাতে নিয়েছে পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। তার পর থেকেই মংলা ড্যাম বা চর্না দ্বীপের কাছে লস্করের কম্যান্ডারদের নিয়ে এই ধরনের ট্রেনিংয়ের নতুন করে সূত্রপাত বলে গোয়েন্দা সূত্রের খবর। এ হেন স্পেশালাইজ়ড ট্রেনিংয়ের নেপথ্যে পাক সেনার বড় ভূমিকা রয়েছে, সে ব্যাপারে গোয়েন্দারা এক প্রকার নিশ্চিত। একটি সূত্রের বক্তব্য, জলপথে প্রশিক্ষণের এই চেষ্টা লস্কর আগেও অনেকবার করেছে। ২০১৯-এর ২ জানুয়ারিতে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও এমন ট্রেনিংয়ের ইনপুটের কথা জানিয়েছিল। সে সময়ে ‘সমুন্দ্রি জিহাদ’-এর (সামুদ্রিক জিহাদ) কথা জানতে পেরেছিলেন গোয়েন্দারা। কিন্তু অর্থাভাবের মতো বিভিন্ন কারণে ধারাবাহিক ভাবে এই ট্রেনিং লস্কর চালাতে পারেনি। সংগঠনের নিয়ন্ত্রণ আইএসআই-এর হাতে যাওয়ার পরে খোলনলচে বদলে সেই ট্রেনিং আবার শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।