ব্রিটিশ আমলে বাদলকোনা গ্রামে সিদ্ধেশ্বরী কালীর পুজো শুরু
এই সময়, আরামবাগ: ব্রিটিশ আমলে শুরু হয়েছিল পুজো। তারপর থেকে আরামবাগের বাদলকোনা গ্রামে বিরামহীন ভাবে সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরে পুজো চলছে। পালবংশের পূর্বপুরুষ সুরেন্দ্রনাথ পাল এই পুজো শুরু করেছিলেন। সেই থেকে বংশপরম্পরায় কালীমায়ের আরাধনা করে আসছেন পাল পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একসময় তালপাতার ছাউনি দেওয়া ছোট্ট মন্দিরে পূজিতা হতেন সিদ্ধেশ্বরী কালী মা। পরবর্তীকালে পালবংশের লোকেরাই কালী মায়ের পাকা মন্দির তৈরি তোলেন। সেই মন্দিরেই পঞ্চমুণ্ডির আসনে উপবিষ্ট রয়েছেন মা কালী। মন্দিরের বাদিকে রয়েছে শীতলা মায়ের একটি প্রাচীন মন্দির। তা জায়গাটির মাহাত্ম্য আরও বাড়িয়ে দিয়েছে। নিত্যপুজো ছাড়াও কালীপুজোর দিন এখানে প্রচুর ভক্তের সমাগম হয়।