স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে ধ্যান, ‘শান্ত’ রিন্টুর কাণ্ডে হতভম্ব প্রতিবেশীরা, সন্ধ্যা নামলেই শুনশান ঘোষপাড়া
স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে সন্ধ্যা নামলেই এলাকার ছবিটা সম্পূর্ণ বদলে যাচ্ছে। বাড়ির গৃহবধূরা সন্ধ্যা হতেই ঘরের ভিতরে ঢুকে পড়ছেন। পরিবারের পুরুষ সদস্যদেরও বাড়ির বাইরে যেতে দিতে চাইছেন না অনেকে। এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তাঘাটও কার্যত জনশূন্য হয়ে পড়ছে। এলাকার বাসিন্দা বাবলু ঘোষ, দিলীপ ঘোষ, বাসনা ঘোষ ও বন্দনা ঘোষরা বলেন, ‘ওকে এলাকায় শান্ত স্বভাবের ছেলে বলেই চিনতাম। কোনও দিন কারও সঙ্গে ঝামেলায় জড়াতে দেখিনি। এমন ঘটনা ঘটাতে পারে, তা ভাবতেও পারছি না। এই ঘটনার পর থেকে আমরা প্রত্যেকেই আতঙ্কের মধ্যে রয়েছি। সন্ধ্যা হলেই বাড়ির গৃহবধূরা বাইরে বের হতে দিতে চাইছেন না।’