India vs New Zealand: কিউয়িদের বিরুদ্ধে প্রীতি ম্য়াচ খেলবে ভারত, গুরপ্রীতের বদলে দলে বিশাল কাইথ | India Announce 23 Member Squad For New Zealand Friendlies, Vishal Kaith Included
কলকাতা: অবশেষে অনেক বঞ্চনার পর মিলল সুযোগ। ভারতীয় ফুটবল দলে সুযোগ পেলেন মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। দল থেকে বাদ পড়লেন গুরপ্রীত সিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ২ ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজের জন্য মোট ২৩ জন সদস্যের একটি দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ খালিদ জামিল। এরপর থেকেই শুরু হয়েছে চর্চা।
গত অক্টোবর মাসে ব্রাজিলের বিরুদ্ধে ০-৪ গোলে হেরেছিল ভারত। সেই ম্যাচে ৩ গোল একাই খেয়েছিলেন গুরপ্রীত। এরপর থেকেই তাঁকে সরিয়ে বিশালকে সুযোগ দেওয়া নিয়ে সরব হচ্ছিলেন সমর্থকরা। অবশেষে তাঁদের কথা শুনলেন খালিদ। বেশ কয়েক মরসুম ধরেই ক্রমাগত মোহনবাগানের হয়ে ভাল পারফরম্যান্স করছেন বিশাল। পেনাল্টি বাঁচানো থেকে ভাল গোলকিপিং – বিশালের কিপিংয়ে মুগ্ধ সবাই। কিন্তু এরপরেও বিশালকে সুযোগ দেওয়া হয়নি ভারতীয় দলে। অবশেষে সুযোগ পেলেন তিনি।
আগামী ১২ নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চের ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচ। ২০৩০ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড। ফলে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই ২ ম্যাচ ভারতীয় দলের কাছে নিজেদের দক্ষতা যাচাইয়ের এক সুবর্ণ সুযোগ। শনিবার ৭ নভেম্বর বেঙ্গালুরুতে একত্রিত হবেন নিউজিল্যান্ডগামী ফুটবলাররা। পরের দিন অনুশীলনের পর রাতে অকল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে ভারতীয় দল।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন খালিদ জামিল। তাঁর কথায়,“নিউজিল্যান্ডও বিশ্বকাপে খেলতে চলা একটি শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে এই ২ ম্যাচ বিদেশের মাটিতে আমাদের জন্য একটি পরীক্ষা। আমরা ভালভাবে প্রস্তুতি নিতে চাই, ভাল ফুটবল খেলতে চাই ও এই সুযোগকে কাজে লাগিয়ে দল হিসেবে আরও উন্নতি করতে চাই।”
২৩ সদস্যের দল-
গোলকিপার – ঋত্বিক তিওয়ারি, বিশাল কাইথ, সোম কুমার
ডিফেন্ডার- অভিষেক টেকচ্যাম সিং, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, জয় গুপ্তা, মেহতাব সিং, পরমবীর, রিকি হাওবাম, রোশন সিং নাওরেম
মিডফিল্ডার- অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, এমএস জিতিন, লালরেমটুলুঙ্গা ফানাই, হামতে, টোম্বা সিং হাওবাম
ফরোয়ার্ড- ডেভিড, এডমুন্ড, লিস্টন কোলাসো, মণবীর সিং, মহম্মদ সুহেল, রায়ান উইলিয়ামস