‘E20 নয়, 420!’ পেট্রোলে ২০ শতাংশের বেশি ইথানলের অভিযোগ, কেন্দ্রকে তোপ রাহুলের - 24 Ghanta Bangla News
Home

‘E20 নয়, 420!’ পেট্রোলে ২০ শতাংশের বেশি ইথানলের অভিযোগ, কেন্দ্রকে তোপ রাহুলের

Spread the love


নয়াদিল্লি: পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর নির্ধারিত মাত্রা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হল দেশে। কর্নাটকের সাতটি জেলার পেট্রোল পাম্প থেকে সংগ্রহ করা নমুনার পরীক্ষায় নির্ধারিত…

নয়াদিল্লি: পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর নির্ধারিত মাত্রা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হল দেশে। কর্নাটকের সাতটি জেলার পেট্রোল পাম্প থেকে সংগ্রহ করা নমুনার পরীক্ষায় নির্ধারিত ২০ শতাংশের বেশি ইথানল পাওয়া গিয়েছে বলে অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, পরীক্ষিত ১৪টি নমুনার মধ্যে ১১টিতেই ইথানলের পরিমাণ ২০ শতাংশের বেশি। এই নিয়ে কেন্দ্রীয় সরকার ও তেল সংস্থাগুলিকে নিশানা করেছেন তিনি। যদিও পরীক্ষার পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

শনিবার সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করে রাহুল লেখেন, ‘E20 হয়ে গিয়েছে 420!’ তাঁর অভিযোগ, সাধারণ মানুষ পেট্রোল কিনলেও গাড়ির ট্যাঙ্কে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ইথানল ঢুকছে। রাহুলের দাবি অনুযায়ী, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (আইওসিএল) একটি নমুনায় ইথানলের পরিমাণ ৩১.২ শতাংশ এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের (এইচপিসিএল) নমুনায় ৩০.৫ শতাংশ পাওয়া গিয়েছে।

বেঙ্গালুরু, কোলার, চিক্কাবল্লাপুর, বেঙ্গালুরু গ্রামীণ, রামনগর, মঙ্গলুরু ও তুমাকুরু—কর্নাটকের এই সাতটি জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। রাহুলের অভিযোগ, আইওসিএল, এইচপিসিএল ছাড়াও ভারত পেট্রোলিয়াম, নায়ারা এনার্জি ও শেলের মতো সংস্থার পেট্রোলেও নির্ধারিত সীমার বেশি ইথানল পাওয়া গিয়েছে। সংস্থাগুলির নিজস্ব পরীক্ষাগারে ইথানলের পরিমাণ স্পষ্ট করে জানানো হয়নি বলেও দাবি তাঁর।

পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তেল সংস্থাগুলির

কর্নাটক সরকারের খাদ্য ও গণবণ্টন দফতরের মন্ত্রী রিজওয়ান আরশাদ আগেই জানিয়েছিলেন, বেঙ্গালুরুর স্বীকৃত গবেষণাগারে পরীক্ষায় কয়েকটি নমুনায় ২০ শতাংশের বেশি ইথানল মিলেছে। অন্য দিকে, আইওসিএল, বিপিসিএল ও এইচপিসিএল যৌথ বিবৃতিতে এই ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছে।

তিন রাষ্ট্রায়ত্ত সংস্থার দাবি, নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষা করা হয়নি। তাদের বক্তব্য, দেশের ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরীক্ষা করা ৮৯৩টি নমুনার সব ক’টিতেই ইথানলের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে ছিল। কর্নাটকের ৫৬টি নমুনাতেও ১৯ থেকে ২০ শতাংশ ইথানল পাওয়া গিয়েছে বলে দাবি তাদের।

সংস্থাগুলি পরীক্ষার সম্পূর্ণ রিপোর্ট, নমুনা সংগ্রহের নথি এবং পুনরায় পরীক্ষার সুযোগ চেয়েছে। তাদের দাবি, স্বাধীন ভাবে যাচাই না করে কর্নাটক সরকারের পরীক্ষার ফলাফলকে চূড়ান্ত বলে ধরে নেওয়া যায় না।

E20 পেট্রোল নিয়ে নতুন বিতর্ক

E20 হল এমন পেট্রোল, যাতে ২০ শতাংশ পর্যন্ত ইথানল মেশানো হয়। অপরিশোধিত তেলের আমদানি নির্ভরতা কমানো, দূষণ নিয়ন্ত্রণ এবং দেশীয় ইথানল উৎপাদনকে উৎসাহ দিতে এই কর্মসূচি নিয়েছে কেন্দ্র। তবে বেশি ইথানল মেশানো জ্বালানিতে গাড়ির মাইলেজ কমা এবং যন্ত্রাংশের ক্ষতির আশঙ্কা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে।

কর্নাটকের এই পরীক্ষার ফলাফল এবং তেল সংস্থাগুলির পাল্টা দাবি ঘিরে এখন জ্বালানির গুণমান, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রাহকদের স্বার্থ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *