সাদা জার্সিকে বিদায় শামির, ৬৪ টেস্টে ২২৯ উইকেটের কীর্তি

কলকাতা: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি 9Mohammed Shami)। শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সাদা…
কলকাতা: আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি 9Mohammed Shami)। শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সাদা জার্সিকে বিদায় জানান তিনি। তবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট, টি-টোয়েন্টি কিংবা ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের কথা জানাননি এই ভারতীয় পেসার।
নিজের পোস্টে হিন্দিতে শামি লেখেন, “সাদা জার্সিকে বিদায় জানাচ্ছি, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলিকে কখনও নয়।” ভারতের হয়ে প্রথমবার টেস্ট জার্সি গায়ে তোলার মুহূর্তের কথা স্মরণ করে তিনি জানান, তখন দেশের জন্য কিছু করার স্বপ্নই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।
শামির কথায়, প্রতিটি উইকেট, লড়াই, চোট এবং প্রত্যাবর্তন তাঁকে নতুন কিছু শিখিয়েছে। তাঁর কাছে টেস্ট ক্রিকেট শুধুমাত্র একটি ফরম্যাট ছিল না, বরং জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
সতীর্থ, কোচ এবং CAB-কে ধন্যবাদ
আবেগঘন বার্তায় শামি জানিয়েছেন, অসংখ্য সুন্দর স্মৃতি সঙ্গে নিয়েই ভারাক্রান্ত হৃদয়ে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। কেরিয়ারের বিভিন্ন সময়ে পাশে থাকার জন্য সতীর্থ, কোচ, পরিবার এবং দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীকে ধন্যবাদ জানিয়েছেন।
বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে (CAB)। তাঁর প্রতিভার উপর আস্থা রাখা, সুযোগ দেওয়া এবং ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য দুই সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
শামি লিখেছেন, তাঁর শেষ টেস্ট বল হয়তো ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। কিন্তু ভারতের হয়ে খেলার গর্ব তাঁর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। পোস্টের শেষে নিজের পরিচিত ভঙ্গিতে লিখেছেন, ‘আপকা শামি’।
৬৪ টেস্টে ২২৯ উইকেট
২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল মহম্মদ শামির। ৬ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত সেই ম্যাচেই নিয়েছিলেন মোট ৯টি উইকেট। অভিষেকেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন এই পেসার।
ভারতের হয়ে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৬৪টি টেস্ট খেলেছেন শামি। তাঁর সংগ্রহে রয়েছে ২২৯টি উইকেট। বোলিং গড় ২৭.৭১। ইনিংসে সেরা বোলিং ৫৬ রানে ৬ উইকেট। টেস্ট কেরিয়ারে ছ’বার পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। একটি ম্যাচে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ১১৮ রানে ৯ উইকেট।
শামির শেষ টেস্ট ছিল ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত সেই ম্যাচের পর আর ভারতের হয়ে টেস্ট খেলেননি তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে কি পুরোপুরি বিদায়?
২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর থেকে জাতীয় দলের টেস্ট দলে জায়গা পাননি শামি। তবে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে নিয়মিত রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছেন। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড সফর-সহ ভারতের টেস্ট দলেও তাঁকে দেখা যায়নি।
জাতীয় দলের হয়ে সব ফরম্যাট মিলিয়ে তাঁর শেষ উপস্থিতি ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। রোহিত শর্মার নেতৃত্বে সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
তবে শামির শুক্রবারের ঘোষণাটি শুধুমাত্র টেস্ট ক্রিকেটকে ঘিরে। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট, টি-টোয়েন্টি কিংবা ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের কোনও ঘোষণা তিনি করেননি। ফলে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে আপাতত কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.