স্বপ্নাদেশ মেনে কালীপুজোর আগেই হয় সারদার পুজো
মহম্মদ মহসিন, আমতা
আজ থেকে প্রায় ১৭৪ বছর আগে আমতা থানার কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সারদা গ্রামে ভট্টাচার্য বাড়িতে শুরু হয় কালীপুজো। এই বাড়ির জামাই ছিলেন অষ্টাদশ শতাব্দীর প্রখ্যাত বাঙালি ভারতচন্দ্র রায় গুণাকর। সেই ভট্টাচার্য বাড়িতে প্রথম কালীপুজো শুরু করেছিলেন ক্ষীরোদপ্রসাদ ভট্টাচার্য। কিন্তু বাড়িতে কালী পুজো শুরু করার পরই পরিবারে একের পর এক বিপদ আসতে শুরু করে। তখনই মা সারদার কাছ থেকে একদিন স্বপ্নাদেশ পান ক্ষীরোদপ্রসাদ। তখনই তিনি জানতে পারেন, গ্রামে সারদা দেবীর মন্দির থাকা সত্ত্বেও তিনি বাড়িতে কালীপুজো শুরু করায় ভীষণই রুষ্ট হয়েছেন মা সারদা। কালীপুজো করার পরই কাকতালীয় ভাবে ক্ষীরোদপ্রসাদের তিন সন্তানের অকালমৃত্যু হয়। তখন তিনি দ্বারস্থ হন মা সারদার কাছে। এরপরই স্বপ্নাদেশে মা সারদা ক্ষীরোদপ্রসাদকে আদেশ দেন, কালীপুজো করার আগে যেন তাঁর পুজো করা হয়। সেই মতো কালী মায়ের পুজো করার আগে সারদা দেবীর পুজো করলেন ভট্টাচার্য পরিবারের সদস্যরা। সেই প্রথা আজও বজায় রয়েছে। রীতি মেনে সারদা দেবীর পুজো শেষ হলে তবেই কালীপুজো শুরু হয় ভট্টাচার্য বাড়িতে।