গাজিয়াবাদে পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ! দায় স্বীকার জঙ্গি সংগঠনের

গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশ ফাঁড়ির ভিতরে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে বসুন্ধরা পুলিশ ফাঁড়িতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় এক ডেলিভারি কর্মী আহত হয়েছেন। বিস্ফোরণের…
গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশ ফাঁড়ির ভিতরে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে বসুন্ধরা পুলিশ ফাঁড়িতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় এক ডেলিভারি কর্মী আহত হয়েছেন। বিস্ফোরণের অভিঘাতে ফাঁড়ির একটি জানলা ভেঙে গিয়েছে। দেওয়ালেও ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান নামে একটি জঙ্গি সংগঠন। যদিও তাদের দাবির সত্যতা নিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি মেলেনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের সময় ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন এক সাব-ইনস্পেক্টর। সেই সময় একটি অর্ডার পৌঁছে দিতে সেখানে আসেন এক ডেলিভারি কর্মী। আচমকাই বিস্ফোরণ ঘটে। তার জেরে ছিটকে আসা কাচের টুকরোয় আহত হন ওই কর্মী। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ঘটনার পরেই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। তদন্তে যোগ দেয় ফরেন্সিক দল। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজ়াল স্কোয়াড এবং উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেররিজ়ম স্কোয়াড বা এটিএস। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা এখনও জানা যায়নি।
দায় স্বীকারের দাবি জঙ্গি সংগঠনের
বিস্ফোরণের পরেই তেহরিক-উল-মুজাহিদিন হিন্দুস্তান নামে একটি সংগঠন ঘটনার দায় স্বীকার করেছে বলে জানা গিয়েছে। ‘Ghazi 2’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। ওই পোস্টে বিস্ফোরণকে ‘গেরুয়া সরকারের বিরুদ্ধে পদক্ষেপ’ বলে উল্লেখ করা হয়েছে।
তবে সংগঠনটির দায় স্বীকারের দাবি এখনও স্বাধীন ভাবে যাচাই করা যায়নি। পুলিশ বা স্থানীয় প্রশাসনের তরফেও ঘটনাটিকে জঙ্গি হামলা বলে ঘোষণা করা হয়নি।
তদন্তে পুলিশ ও এটিএস
বিস্ফোরণের পিছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা, তা এখনও নিশ্চিত নয়। ইন্দিরাপুরমের সহকারী পুলিশ কমিশনার সূর্যবলী মৌর্য জানিয়েছেন, ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরেই বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
তিন তালাক থেকে বাঁচিয়েছেন মোদী! ডবল ইঞ্জিন রাজ্যে গণতন্ত্র রক্ষা মিছিলে যোগ দিল হিজাবীরা
অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ি চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন